বছরের শেষ দিনেও ডেঙ্গুতে ২ মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি উভয় ক্ষেত্রেই এ বছর রেকর্ড হয়েছে।
বছরের মাঝামাঝিতে শুরু হওয়া ডেঙ্গুর প্রকোপ বছরের শেষেও পিছু ছাড়েনি; খ্রিষ্টীয় বছরের শেষ দিনে এ রোগে প্রাণ গেল আরও দুইজনের।
রোববার সকাল পর্যন্ত মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে আরও ১০৬ জনের ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বছর ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি উভয় ক্ষেত্রেই রেকর্ড হয়েছে। এ রোগে এ বছর সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন; যার মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৮০ জনের; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৫।
ভর্তির ক্ষেত্রেও আগের সব পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। বছরের শেষ দিনের আক্রান্তসহ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ১০ হাজার ৮ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১১ হাজার ১৭১ জন।
রোগী ও প্রাণহানি যেমন আগের সব তথ্য ছাড়িয়েছে, তেমনি এবার আগের ধারার বিপরীতে ঢাকার বাইরের জেলাগুলোতে রোগী ভর্তির সংখ্যা ঢাকাকে ছাড়িয়ে গেছে, মৃত্যুর পরিমাণও ছিল বেশি।
রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৭১ জন এবং ঢাকায় ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকার ও একজন ঢাকার বাইরের ডেঙ্গু রোগী।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৭২৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৯৫ জন ঢাকায় এবং ৪৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিসেম্বরের ৩১ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৯২৮৮ জন।
মাসওয়ারী হিসাবে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
ডিসেম্বরের ৩১ দিনে ৮৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
