ডেঙ্গু: একদিনে মৃত্যু বেশি ঢাকায়, আক্রান্ত বেশি বাইরে
বছর শেষ হতে আড়াই মাস বাকি থাকলেও এরইমধ্যে দেশে রেকর্ড রোগী ও প্রাণহানি নথিবদ্ধ হয়েছে।
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সাতজনই ঢাকা মহানগরের। তবে নতুন রোগীর সংখ্যা ঢাকার বাইরেই বেশি; এক দিনে হাসপাতালে ভর্তি ২৩৫০ রোগীর মধ্যে ১৮৪৫ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের নিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৪৩ জনে। তাদের মধ্যে ঢাকায় ৯৪ হাজার ১৯৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয় ১ লাখ ৫৫ হাজার ৩৪৯ জন রোগী।
এ দিন সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২৩২ জন রোগীর চিকিৎসা চলছিল। এরমধ্যে ঢাকায় ২৪৭২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৭৬০ জন।
আর নতুন করে ৮ জনের মৃত্যু হওয়ায় এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১৪ জনে। বছর শেষ হতে আড়াই মাস বাকি থাকলেও এরইমধ্যে দেশে রেকর্ড রোগী ও মৃত্যুর তথ্য নথিবদ্ধ হয়েছে।
এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধের জন্য এইডিস মশা নিধনে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ‘পর্যাপ্ত’ মনে করছেন না খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেছেন, “খালি আমরা বড় বড় কথা বললে তো আর ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো আমরা দেখছি এখনও তা পর্যাপ্ত নয়। এটা সত্যি কথা, এটা পর্যাপ্ত নয়।"
মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ১৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ১৩৭ জন রোগী।
মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন।
