ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৭৫ জন, মৃত্যু ১
এ নিয়ে নতুন বছরে ৩ জনের মৃত্যুর খবর এলো।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন; এ সময়ে এইডিস মশাবাহিত রোগটি প্রাণ কেড়েছে একজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ২৭ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ৪৮।
সবমিলিয়ে এ বছরের প্রথম চারদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯০ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৮ জন, বাকি ১৯২ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে রোগীর মৃত্যু হয়েছে, তার চিকিৎসা চলছিল ঢাকায়। এ নিয়ে নতুন বছরে ৩ জনের মৃত্যুর খবর এল।
বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৪৮৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৪৪ জন ঢাকায় এবং ২৩৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। এতো মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।
এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
