২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুমের সমস্যা আলঝেইমারের লক্ষণ হতে পারে’

ঘুমের সমস্যা আলঝেইমার রোগের পূর্বলক্ষণ হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুমের সমস্যা আলঝেইমার রোগের পূর্বলক্ষণ হতে পারে বলে মনে করছেন গবেষকরা। সম্প্রতি ইঁদুরের উপর চালানো এক গবেষণায় এ ধরনের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। মস্তিষ্কের ভেতরে জমাট বাঁধা প্রোটিনই এ রোগের মূল উৎস বলে বিজ্ঞানীরা মনে করছেন বলে জানিয়েছে বিবিসি। এগুলোকে ‘প্লাক’ বলা হয়। সায়েন্স ট্রান্সলেশান মেডিসিন জার্নালে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়, এ ধরনের প্লাক উৎপন্ন হতে শুরু করলে ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান আলঝেইমার’র রিসার্চ ইউকে’র পক্ষ থেকে বলা হয়, ইঁদুরের উপর চালানো গবেষণাটি মানুষের জন্যও একই ফল দেখালে তা চিকিৎসকদের জন্য খুবই সহায়ক হবে। আলঝেইমার রোগের চিকিৎসার জন্য এর প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ খুঁজে পাওয়া খুব দুরূহ বলে মনে করা হয়। কারণ এ রোগের শুরুর দিকে আক্রান্তরা স্মৃতি বা চিন্তাশক্তি হারিয়ে ফেলার মতো লক্ষণগুলো দেখায় না। কিন্তু প্রাথমিক পর্যায়ে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এ রোগের চিকিৎসা খুবই জটিল হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে তা অসম্ভব হয়ে ওঠে। তাই গবেষকরা এমন কোনো লক্ষণ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যার মাধ্যমে রোগটি আক্রমণ করার আগেই এর আগমন সম্পর্কে আভাস পাওয়া যায়। এর ফলশ্র“তিতেই ‘প্লাক’ বিষয়ে গবেষণা শুরু হয়। মস্তিষ্কে বেটা অ্যামোলিড নামের এক ধরনের প্রোটিনের প্লাক নিয়ে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। সাধারণতঃ মানুষ ও ইঁদুর উভয়ের মধ্যেই ২৪ ঘণ্টায় বেটা অ্যামোলিডের পরিমাণ বাড়তে বা কমতে থাকে। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পরিচালিত এ গবেষণায় দেখা যায়, নিশাচর প্রাণী ইঁদুর দিনের বেলা প্রতি ঘণ্টায় ৪০ মিনিট ঘুমায়। তবে তাদের মস্তিষ্কে প্লাক জমতে শুরু করলেই তারা ওই সময় ৩০ মিনিট করে ঘুমাতে শুরু করে। গবেষক প্রফেসর ডেভিড হোলজম্যান বলেন, যদি আলঝেইমারের পূর্ব লক্ষণ হিসেবেই ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে, তাহলে আমাদের জন্য খুবই কার্যকরী একটি পূর্বলক্ষণ হবে এটি। তবে সম্পূর্ণ অন্য কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে থাকতে পারে। তবে ইঁদুরের উপর চালানো গবেষণা সবসময় মানুষের জন্য একই ফল বহন করে না। আলঝেইমার’র রিসার্চ ইউকে’র ডা. ম্যারি জনসন বলেন, ইতোমধ্যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঘুমের ব্যাঘাত ঘটলে মানুষের চিন্তাশক্তির অবনতি হয়। তবে এ গবেষণাটিতে ঘুমের ব্যাঘাত আলঝেইমারের পূর্ব লক্ষণ বলে আভাস পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এটি নিশ্চিত করা গেলে এ রোগের ঝুঁকিতে থাকা রোগীদের আগে থেকে চিহ্নিত করা যাবে এবং ব্যবস্থা নেওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১২ ঘ.