ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসময়ে ও অপর্যাপ্ত ঘুমের কারণে পালাবদলকারী কর্মীদের ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনের ঝুঁকি বাড়ে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন’স হসপিটালের একদল চিকিৎসক ২১ জন ব্যক্তির দৈনন্দিন খাওয়া ও ঘুমের নিয়ম প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করে এ গবেষণা চালান বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন পত্রিকায় প্রকাশিত এ গবেষণার ফলাফল বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ঘুমের স্বাভাবিক নিয়ম বিঘিœত হলে বা অপর্যাপ্ত ঘুমের ফলে শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়। একইসঙ্গে শরীরের বিপাকক্রিয়ার হার কমে যাওয়ার ফলে ওজন বেড়ে যায়।
গবেষণায় অংশ নেওয়া কোনো কোনো ব্যক্তির শরীরে কয়েক সপ্তাহের মধ্যে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যেতে থাকে।
এদের সবাইকে প্রথম দিকে তিন সপ্তাহ প্রতিদিন ১০ ঘণ্টা করে ঘুমাতে দেওয়া হতো। তিন সপ্তাহ পরে এদের দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টার ঘুমাতে দেওয়া হয়। এমনকি তাদের দেহঘড়ি যেন দিনের আলোতে স্বাভাবিক নিয়মে ফিরে না যেতে পারে সেজন্য হালকা আলোতে থাকতে দেওয়া হয়।
গবেষণার এ পর্যায়ে খাওয়া-দাওয়ার পরপর ও উপোস অবস্থায় অংশগ্রহণকারীদের রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বেশি পাওয়া যায়।
গবেষকরা বলেন, এদের শরীরে ইনসুিলনের উৎপাদন কমে গিয়ে রক্তে এর পরিমাণ অত্যন্ত কম পাওয়া যায়। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে।
তিনজন অংশগ্রহণকারীর রক্তে এসময় শর্করার পরিমাণ এতো বেশি পাওয়া যায় যা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়।
এছাড়া এদের বিপাক ক্রিয়ার গতি প্রায় ৮ শতাংশ কমে যায় বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা জানান, এ হারে বিপাকক্রিয়া কমে গেলে এক বছরের মধ্যে ১২ দশমিক ৫ পাউন্ড (প্রায় ৬ কিলোগ্রাম) ওজন বেড়ে যেতে পারে।
প্রধান গবেষক ড. অরফ্যু বাক্সটন বলেন, আমাদের গবেষণায় পাওয়া ফলাফল অনুযায়ী যারা রাতের পালায় কাজ করেন বলে তাদের রাত জাগতে হয়, তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যারা সকালে কাজ করেন তাদের চেয়ে বেশি।
যারা রাতে জাগেন তাদের দিনের বেলায় বিভিন্ন কারণে ভালো ঘুম হয় না। পর্যাপ্ত ঘুম না হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে, তাই রাতের পালার কাজকে ‘বিভিন্ন রোগের নিমন্ত্রণকারী’ বলা হয়।
তবে মাত্র ২১ জনের উপর এ গবেষণা চালানো হয়, তাই এ নিয়ে আরো গবেষণা চালানো দরকার বলে মন্তব্য করেছেন গবেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৪ ঘ.
bdnews24