ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছরের কম বয়সী শিশুদের সঠিকভাবে খাওয়ানো নিশ্চিত করতে ব্যয় বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা শিশুর অপুষ্টি দূর করার জন্য প্রয়োজনীয় সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে এক সমীক্ষায় বেরিয়ে আসার পর এই আহ্বান জানান তারা।
শিশু বিশেষজ্ঞ অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, “অপুষ্টিতে ভোগা অনেক শিশুকে আমরা আসতে দেখি। তাদের কী খাওয়ানো হয়েছিল, সে বিষয়ে জানতে চাইলে আমরা দেখতে পাই, তাদের ঠিকমতো দুধ দেওয়া হয়নি এবং সময়মতো ঘরের খাবার পায়নি তারা।”
“কিন্তু কীভাবে শিশুদের খাওয়ানো উচিত, তা নিয়ে আমাদের সুনির্দিষ্ট ও বিজ্ঞানসম্মত নির্দেশনা আছে,” শুক্রবার রাজধানীতে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে বুকের দুধ দেওয়া শুরু করে ছয় মাস পর্যন্ত শুধু তাই দেওয়া উচিত। দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর কথা বললেও সাত মাস বয়স থেকেই শিশুকে ঘরে তৈরি খাবার খাওয়ানোর পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশের সর্বশেষ স্বাস্থ্য ও জনসংখ্যাতাত্ত্বিক সমীক্ষায় (বিডিএইচএস) দেখা গেছে, অধিকাংশ পরিবারেই শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এসব পরামর্শ মেনে চলা হয় না। এতে দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪১ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে কম এবং অপুষ্টির কারণেই তাদের ৪৩ ভাগ শীর্ণকায়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক সুফিয়া খাতুন বলেন, অপুষ্টির জন্য খাদ্যের অভাব নয়, সঠিকভাবে না খাওয়ানোই দায়ী।
“শিশুকে সঠিকভাবে বুকের দুধ দেওয়ার পদ্ধতি না জানায় অনেক মা তাদের শিশুকে দুধ খাওয়ানো বন্ধ করে দেন। একইসঙ্গে তারা বুঝতে পারেন না যে ছয় মাস বয়সের পরে শিশুকে কী খাওয়ানো উচিত।”
ট্রেইনিং অ্যান্ড অ্যাসিসট্যান্স ফর হেলথ অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. রুকসানা হায়দার বলেন, ঢাকা ও চট্টগ্রামের দুটি বস্তিতে পরিচালিত তাদের সমীক্ষায় দেখা গেছে প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা শিশুদের সঠিকভাবে খাওয়ানোর বিষয়ে মায়েদের সচেতনতা বাড়াতে সহায়তা করতে পারেন।
অধ্যাপক তালুকদার বলেন, সারা দেশে প্রতি আড়াইশ’ পরিবারের জন্য একজন করে মোট দেড় লাখ স্বাস্থ্যকর্মী হলে দুই বছরের কম বয়সী শিশুদের খাওয়ানোর বিষয়ে মাকে সচেতন করায় ভূমিকা রাখতে পারেন।
“পাঁচ বছরের মধ্যে অপুষ্টি দূর করতে আমাদের বছরে এক হাজার কোটি টাকা লাগবে। আমাদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা কর্মসূচির বার্ষিক ব্যয় আট হাজার নয়শ’ কোটি টাকা হওয়ায় অপুষ্টির জন্য এ অর্থ খুব বেশি নয়।”
তবে ২০১১ থেকে ২০১৬ সাল মেয়াদি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা পরিকল্পনায় দুই বছরের কম বয়সী শিশুদের সঠিকভাবে খাওয়ানো বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার মাত্র ৩৯ কোটি বরাদ্দ করেছে জানিয়ে তিনি বলেন, “উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ বিনিয়োগ ছাড়া আমরা কখনোই অপুষ্টি দূর করতে পারব না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/০০১৫ ঘ.
bdnews24