নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, জেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি) রোগীদের খাবার থেকে মাছ, মাংস ও ডিম বাদ দেওয়া হয়েছে।
'ব্যয় সাশ্রয়' পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার ও দাতাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সাহায্য ও সুবিধা পাওয়া বিশেষায়িত এই প্রতিষ্ঠান।
হাসপাতালের পরিচালক (মেডিকেল) ড. মার্ক পাইট্রনি ৬ সেপ্টেম্বর একটি নোটিশ জারি করে হাসপাতালের সব কর্মীকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। ১১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয় ওই নোটিশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা নোটিশের অনুলিপিতে বলা হয়, "চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো রোগীর খাবারে মাছ, মুরগি ও খাসির মাংস এবং ডিম দেওয়া যাবে না।"
নোটিশে বিষয়ের স্থানে লেখা হয়েছে, 'ব্যয় সাশ্রয়'।
এই হাসপাতালের রোগীদের সেবায় সরকার প্রতি বছর ৫ কোটি টাকা দেয়। এছাড়া দাতাদের ক্রমবর্ধমান সহায়তার পরও হঠাৎ করে প্রতিষ্ঠানটির কেন ব্যয় সাশ্রয় পরিকল্পনা নিতে হলো- তা স্পষ্ট হয়নি কর্তৃপক্ষের বক্তব্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানের জবাবে পাঠানো ই-মেইলে পাইট্রনি দাবি করেন, চিকিৎসকদের পরামর্শ মতোই রোগীদের খাবার দেওয়া হচ্ছে।
এদিকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আইসিডিডিআর,বির বিজ্ঞানী ও কর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করে কিছু কর্মী প্রতিষ্ঠানটিতে একটি লিফলেট বিলি করেছেন। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির কিছু বিদেশি কর্মকর্তার আকাশছোঁয়া বেতন এবং দুর্নীতির কারণে আইসিডিডিআর,বি গভীর সমস্যায় পড়েছে।
এরই মধ্যে কেন্দ্রের ভবন স¤প্রসারণের ১০০ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারি তদন্ত চলছে।
আইসিডিডিআর,বি হাসপাতালের ডায়েটেশিয়ান আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন, যাতে রোগীদের মাছ, মুরগি, খাসির মাংস ও ডিম দিতে নিষেধ করা হয়েছে।
তিনি জানান, এ খাবারগুলোর যে কোনো একটা সবজি, ডাল ও ভাতের সাথে রোগীদের দেওয়া হতো।
তবে এ সিদ্ধান্ত বদলানো হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, "সিনিয়র বিজ্ঞানীরা হাসপাতাল কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত বদলানোর জন্য বোঝানোর চেষ্টা করছেন।"
হাসপাতালের রোগী কামরুল হাসান (২৬) সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দুপুরের খাবারে সবজি, ডাল ও ভাত দেওয়া হয়েছে।
বারডেমের মুখ্য পুষ্টিবিজ্ঞানী আখতারুন নাহার জানান, কোনো হাসপাতালের এমন সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি জীবনেও শোনেননি। কিডনির সমস্যা ও লিভার সিরোসিসের মতো কিছু রোগ ছাড়া আর অন্য সব ক্ষেত্রে রোগীদের উন্নত খাবার দেওয়া উচিত।
"এমনকি অসুস্থ শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েরও আমীষ জাতীয় খাবার খাওয়া উচিত। আইসিডিডিআর,বির সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারছি না। রোগীদের ন্যূনতম হলেও সস্তা আমিষ হিসেবে ডিম দেওয়া উচিৎ।"
স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক রশীদ-ই-মাহবুবও বলছেন, আইসিডিডিআর,বির এ সিদ্ধান্ত 'অমানবিক'।
"এটি একটি গবেষণা ইনস্টিটিউট, রোগীরা তাদের গবেষণার বিষয়। ভালো সেবা আর খাবার পাওয়াটা তাই রোগীর অধিকার।"
আইসিডিডিআরবি,র এই সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডের এই সদস্য জানিয়েছেন, তিনি বোর্ডের সভায় বিষয়টি তুলে ধরবেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে এ সভা হবে।
বছরে দুইবার ষোল সদস্যের ট্রাস্টিবোর্ডের সভায় আইসিডিডিআর,বির কার্যক্রম অনুমোদন করা হয়।
১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে আইসিডিডিআর,বি গঠিত হয়। এর বিদেশি কর্মকর্তারা করমুক্ত সুবিধা এবং বিদেশ থেকে বিনাকরে ব্যক্তিগত ও গৃহস্থালী পণ্য আনার সুযোগসহ বিভিন্ন সুবিধা ভোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/জেকে/২০১৪ ঘ.
bdnews24