ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. বাবাটুন্ডে ওসেটিমেহিন।
তিন দিনের সফরের প্রথম দিন বুধবার ঢাকায় একটি হোটেলে দেশে মাতৃ ও শিশুমৃত্যু হার কমাতে কার্যক্রম পরিচালনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাবাটুন্ডে।
ওই বৈঠকে তিনি বলেন, নিজস্ব সম্পদ ব্যবহার করে মাতৃ ও শিশুমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে 'স্থায়ী উন্নয়ন' ঘটাতে হবে।
"আমরা সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। তবে আসুন আমরা নিজেদের (বাংলাদেশের) দক্ষতা প্রয়োগ করি।"
বাংলাদেশে মাতৃ ও শিশুমৃত্যু হার কমিয়ে আনতে গত পাঁচ বছরে প্রায় তিন কোটি ডলার অনুদান দিয়েছে ইউএনএফপিএ।
২০১১ সালের এক সমীক্ষায় দেখা গেছে, ২০০১ থেকে ২০১০ সালে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ৩২২ জন থেকে কমে ১৯৪ জনে দাঁড়িয়েছে। নয় বছরে মাতৃমৃত্যু কমার এ হার ৪০ শতাংশ।
ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক বলেন, সরকারসহ সব পক্ষের উদ্যোগে মাতৃস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পাঁচ (এমডিজি৫) বাস্তবায়নে অগ্রগতি লাভ করতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালকের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটাই বাবাটুন্ডের প্রথম সফর।
বুধবার ওই বৈঠকের আগে তিনি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এএফএম রুহুল হকের সঙ্গে দেখা করেন।
দেশে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের অব্যাহত চেষ্টায় দেশে মাতৃ ও শিশুমৃত্যু হার কমে এসেছে।
"প্রধানমন্ত্রীর নির্দেশমতো তিন হাজার প্রসূতি সেবিকাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"
ইউএনএফপিএ'র প্রধান বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দেশের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০০১৫ ঘ.
bdnews24