ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি শিশুকে রোববার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এক কোটি ৯০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
"ক্যাপসুল খেতে শিশুকে খালি পেটে আনা যাবে না। খালি পেটে টিকা গ্রহণ শিশুর অস্বস্তির সৃষ্টি করতে পারে।"
স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এক লাখ ৪০ হাজার স্বাস্থ্যকন্দ্র, বিদ্যালয় এবং বাস, নৌ ও রেল স্টেশনে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে জীবাণুনাশক ট্যাবলেট বিতরণ করবে।
ভিটামিন এ-এর অভাবে রাতকানা ছাড়াও হাম ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বাংলাদেশে মোট শিশুমৃত্যুর এক তৃতীয়াংশই হয়ে থাকে হাম ও ডায়রিয়ায়।
জীবাণু সংক্রমণে রক্তস্বল্পতা হয় যা শিশুর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে।
সরকারি উদ্যোগে প্রতি বছর বাংলাদেশে শিশুদের দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। চলতি বছর দ্বিতীয় পর্যায়ে এ ক্যাপসুল দেওয়া হবে অক্টোবরে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবারই প্রথম ছয় থেকে ১১ মাস বয়সী দুই লাখ শিশুকে পরীক্ষামূলকভাবে কম ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
গোপালগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, মৌলভীবাজার ও বরিশাল জেলায় এবং রাজশাহী ও বরিশাল পৌরসভা এলাকায় নীল রঙের এ ক্যাপসুল বিতরণ করা হবে।
এ কর্মসূচি তদারককারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের (আইপিএইচএন) পরিচালক অধ্যাপক ফাতিমা পারভিন চৌধুরী বলেন, "এসব এলাকায় আমরা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়েছি এবং সারা দেশে নতুন এ কার্যক্রম শুরু করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা পর্যবেক্ষণ করা হবে।"
কেবল ছয়মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানোর মধ্য দিয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ১৩ শতাংশ কমানো সম্ভব বলে জানান তিনি।
সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৩০ হাজারের বেশি শিশুর জীবন বাঁচানোর পাশাপাশি লাখ লাখ শিশুকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন এ।
আইপিএইচএনের সমীক্ষায় দেখা গেছে, অপুষ্টির কারণে শিশুদের রাতকানা হয়। এ রোগ রোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভিটামিন এ। দুই দশক আগের শিশুদের মধ্যে রাতকানার হার ছিলো তিন দশমিক সাত শতাংশ। আর বর্তমানে তা কমে এসেছে শূন্য দশমিক শূন্য দুই শতাংশে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "তার অর্থ এই নয় যে, আমরা ভিটামিন এ ক্যাপসুল দেওয়া বন্ধ করবো। আমরা একশ' শতাংশ সফলতা চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/১৭৫৮ ঘ.
bdnews24