২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চিকিৎসকরা মফস্বলে না গেলে বিকল্প ব্যবস্থা'

সরকারিভাবে চিকিৎসকদের যেখানে নিয়োগ দেওয়া হবে- সেখানেই তাদের দায়িত্ব পালন করতে হবে। তা না হলে 'বিকল্প ব্যবস্থা' নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারিভাবে চিকিৎসকদের যেখানে নিয়োগ দেওয়া হবে- সেখানেই তাদের দায়িত্ব পালন করতে হবে। তা না হলে 'বিকল্প ব্যবস্থা' নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "চাকরি করতে হলে যার যেখানে পোস্টিং সেখানেই দায়িত্ব পালন করতে হবে। না করলে বিকল্প ব্যবস্থা তো আছেই।" "অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়ার পরও অনেকেই উপজেলায় থাকতে চান না। তাহলে আমাদের ধরে নিতে হবে- তাদের চাকরির দরকার নেই। তাদের জায়গায় নতুন লোক নেওয়া হবে," যোগ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা স্বেচ্ছায় জনসেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, "আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সঙ্কটাপন্ন অবস্থায় রোগী বা তাদের আত্মীয়-স্বজনরা আপনাদের ত্রাতা মনে করেন। সর্বোচ্চ পেশাগত নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমেই কেবল সে শ্রদ্ধার প্রতিদান সম্ভব। আপনাদের পেছনে অভিভাবকদের খরচ আছে। তবে সবচেয়ে বেশি ব্যয় করেছে এ দেশের জনগণ। জনগণের ট্যাক্সের টাকাতেই আপনারা ডাক্তার হয়েছেন। তাই জনগণের সেবা দেওয়াই আপনাদের প্রধান ব্রত হওয়া উচিত।" বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 'সেন্টার অফ এক্সেলেন্স' হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা গবেষণা করুন। রোগীরা যাতে কম খরচে চিকিৎসা পেতে পারে, তার উপায় বের করুন।" এই অনুষ্ঠানের মাধ্যমে সিভিল সার্জনদের জন্য ৫৭টি গাড়ি এবং জেলা ও উপজেলা পর্যায়ের জন্য ১৫৯টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। সিভিল সার্জনদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "আজ থেকে দেশের ৬৪ জেলার সিভিল সার্জন উপজেলা ও গ্রাম পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। কর্মরত চিকিৎসকদের মনোবল চাঙা রাখতে পারবেন। আশা করি এখন থেকে জনগণ আর চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে অভিযোগ করবে না। এরপরও অভিযোগ এলে এর দায় সংশ্লিষ্ট সিভিল সার্জনকেই নিতে হবে।" বড় জেলাগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার জন্য স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির ও ঢাকা জেলার সিভিল সার্জন জসিমউদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক খন্দকার মোহাম্মদ সেফায়েতউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১৬২০ ঘ.