সিলেট, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
নাজমা আক্তার নামে ওই নারীর মৃত্যুর পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও দুই সেবিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মৃত নাজমা আক্তার বনসাই প্রকাশনীর মালিক ও সিলেট নগরীর জালালাবাদ ২৭/৫ নম্বর বাসার ইমলাক খানের স্ত্রী। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।
ইমলাকের ছোট ভাই ইমরান খান সাংবাদিকদের জানান, প্রসব বেদনা উঠলে গত শনিবার রাতে তার ভাবিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টায় অস্ত্রোপচারের পর এক ছেলে সন্তানের জন্ম হয়।
রোববার মধ্যরাতের পর নাজমার শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলেও চিকিৎসকরা তা আমলে নেননি বলে অভিযোগ ইমরানের।
তিনি বলেন, "সকালে (সোমবার) নাজমার পেটে ব্যথা উঠলে কর্তব্যরত ডাক্তার মর্জিনা বেগমকে জানানো হয়। কিন্তু তিনি কোনো চিকিৎসা দেননি। সকাল সাড়ে ৭টার দিকে ভাবি অচেতন হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"
মাতৃমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক মর্জিনা, সেবিকা নাসরিন ও জুবেদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সভাপতি মনসুজ্জামান চৌধুরী বাবুল সাংবাদিকদের বলেন, "অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য আমরা নাজমার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছি। সংশ্লিষ্ট চিকিৎসক ও সেবিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এ বিষয়ে আগামী দুই দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24