ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে বিশুদ্ধ পানির হাহাকারে হতাশ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
বিশ্ব পানি দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, চারদিকে পানি অথচ মাঝে মাঝে মনে হয় এখানে পান করার মতো একফোঁটা পানিও যেন নেই।
প্রখ্যাত ইংলিশ কবি স্যামুয়েল টেইলর কলরিজের একটি পঙ্ক্তি উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যেতে থাকায় অদূর ভবিষ্যতে পানি সঙ্কট প্রকট আকার ধারণ করবে- এমনই পূর্বাভাস বিশেষজ্ঞদের।
মন্ত্রী বলেন, উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। পানির জন্য দরিদ্রদের অতিরিক্ত খরচ হলেও নামমাত্র খরচে ধনীরা পাচ্ছে প্রয়োজন অতিরিক্ত পানি।
"পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দরিদ্রদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এটিই উপযুক্ত সময়।"
নিজের সংসদীয় এলাকা সাতক্ষীরার কথা উল্লেখ করে আ ফ ম রুহুল হক বলেন, লবণাক্ততা ও আর্সেনিকের কারণে এ এলাকার জনগণ বিশুদ্ধ পানি পাচ্ছে না।
"সরবরাহ করা পানিতে যে ক্ষতিকারক জীবাণু থাকে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিগত বছরগুলোতে এই পানি পান করে মানুষ উদরাময়ের মতো রোগে আক্রান্ত হয়েছে।"
মন্ত্রী বলেন, অনিরাপদ পানির অভাবে শহরে পাঁচ বছরের কম বয়সী ছিন্নমূল শিশুমৃত্যুর হার বেড়ে গেছে।
ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি সার্ভে ২০০৯ এ দেখা গেছে ৪০ শতাংশ খাওয়ার পানির প্রতিলিটারে এক মিলিগ্রাম আয়রন এবং ৩৫ শতাংশে দশমিক চার মিলিগ্রাম মেঙ্গানিজ রয়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দ্রুত সক্রিয় হতে হবে। পানি খুব ব্যয়বহুল হোক এমনটি আমরা চাই না। প্রাকৃতিকভাবেই আমাদের পর্যাপ্ত পানি রয়েছে, এগুলোর উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে।
২০১৫ সাল নাগাদ সবার জন্য নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন নিশ্চিত করতে ১৫ বছরের একটি পরিকল্পনা রয়েছে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/২১২৭ ঘ.
bdnews24