২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের অনিয়মে হতবাক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার দেখে হতবাক হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

রংপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার দেখে হতবাক হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান শনিবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সরজমিন পরিদর্শন করতে গেলে এগুলো তার নজরে আসে। এই অনিয়ম ও অব্যবস্থাপনার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ এবং এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। মিজানুর রহমান শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আকস্মিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রথমে তিনি যান জরুরী বিভাগে। এক শিশুকে রক্তাক্ত অবস্থায় জরুরী বিভাগের বাইরে বসে থাকতে দেখে তিনি জানতে পারেন তাকে কোন চিকিৎসা দেওয়া হয়নি। এরপর তিনি গাইনী, সার্জিক্যাল ও মেডিসিন ওয়ার্ডে যান। সেখানে তিনি দেখতে পান কোন বিছানায় চাদর নেই। রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে তিনি জানতে পারেন হাসপাতাল থেকে কোন ওষুধ দেওয়া হয় না। সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। তাহলে বরাদ্দ করা ওষুধ গেল কোথায় ? এই প্রশ্নের উত্তর খোজার জন্য প্রেসক্রিপশন ওয়ার্ডের রেজিষ্ট্রার পরীক্ষা করে অদ্ভুত অমিল খুজে পান তিনি। এরপর তিনি শিশু ওয়ার্ডে গিয়ে দেখতে পান প্রতিটি বেডে দুজন করে শিশু শুয়ে আছে। তাকে জানানো হয় প্রতিটি বেডে দুজন করে শিশুর চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের মায়েদের পালা করে তাদের শিশুদের পরিচর্যা করতে হচ্ছে। রোগীরা তার কাছে অভিযোগ করেন ডাক্তাররা ঠিক মতো ওয়ার্ডে আসেন না। এরপর তিনি রোগীদের জন্য খাবার তৈরির স্থানে গিয়ে দেখতে পান সেখানে দুর্গন্ধযুক্ত পানি। হাসপাতালের টয়লেটের অবস্থাও করুণ। তিনি পুরো হাসপাতাল ঘুরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, এ ভাবে চলতে দেওয়া যায় না। গরীব রোগীদের চিকিৎসা দেওয়ার নামে যে অরাজকতা চলছে তা বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি। এর আগে সকালে রংপুর আরডিআরএস মিলনায়তনে মানবাধিকার বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সদস্য নীরু কুমার চাকমা, রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হক। কর্মশালায় আইনজীবী, শিল্পী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ১৯৫৮ ঘ.