নীলফামারী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত দুই দিনে নীলফামারীর ডিমলায় শীতজনিত রোগে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার দিনভর নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে ছিলো কনকনে বাতাস। ঘন কুয়াশার কারণে রোববার পর্যন্ত নীলফামারীতে সূর্যের দেখা মেলেনি।
বিভিন্ন সড়কে চলাচলকারী বাস-মিনিবাসসহ যানবাহনকে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
তীব্র শীতের কারণে উত্তরাঞ্চলের এই জেলার খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না বলে স্থানীয়রা জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নীলফামারীতে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, গত দুদিনে নিউমোনিয়ায় আক্রান্ত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এরা হলেন- উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের বৃদ্ধ মেরাজ উদ্দীন, রামডাঙ্গা গ্রামের মোতালের হোসেনের আটদিন বয়সী মেয়ে রেশমা বানু ও খালিশা চাপানী গ্রামের মিজানুর রহমানের এক বছর বয়সী মেয়ে মোতাহারা বানু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24