২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা বেঁধে চিকিৎসা

ফোঁড়ার চিকিৎসা করাতে এসে সংকটাপন্ন অবস্থায় উপনীত হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়ধুল ইউনিয়নের বিন্নাবাড়ীর চরের আব্দুস সালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফোঁড়ার চিকিৎসা করাতে এসে সংকটাপন্ন অবস্থায় উপনীত হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়ধুল ইউনিয়নের বিন্নাবাড়ীর চরের আব্দুস সালাম। সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ফোঁড়ার অস্ত্রোপচার হওয়ার পর জ্ঞান ফিরে এলেও আবার সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। বমির পর খিচুনি শুরু হওয়ায় হাসপাতালের বিছানার সঙ্গে হাত-পা বেঁধে তার চিকিৎসা শুরু হয়। আব্দুস সালামের (৩০) বাবা শমসের আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিছনে কোমরের নিচে একটি ফোঁড়ার চিকিৎসার জন্য রোববার সকাল ১১টার দিকে সালামকে জেলা শহরের দরগা রোডে মেডিনোভা হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টার দিকে ফোঁড়ার অস্ত্রোপচার করেন সার্জন ডা. নিত্যরঞ্জন পাল। চেতনানাশক দেন ডা. আকরামুজ্জামান। "রাত ১২টার দিকে সালামকে অস্ত্রোপচার কক্ষ থেকে বিছানায় আনা হয়। তখন তার জ্ঞান ছিল। রাত ৩টার দিকে সে একবার বমি করে জ্ঞান হারিয়ে ফেলে।" তিনি জানান, এরপর সোমবার সারাদিন আর জ্ঞান ফেরেনি। ওই অবস্থায় রাত ৮টার দিকে আবারো বমি হয়। খিঁচুনিও আছে। ক্লিনিক থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বিছানার সঙ্গে আব্দুস সালামের হাত-পা বেঁধে পায়ে স্যালাইন দেওয়া হয়েছে। সে অচেতন অবস্থায় ছটফট করছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। পাশে স্বজনরা কান্নাকাটি করছেন। এ হাসপাতালের খণ্ডকালীন চিকিৎসক ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার অবস্থা স্বাভাবিক আছে। এমন হতেই পারে।" উন্নত চিকিৎসার ব্যাপারে তিনি সার্জন নিত্যরঞ্জন পালের সঙ্গে কথা বলবেন বলে জানান। এর আগে দুপুরে সার্জন নিত্যরঞ্জন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব পরীক্ষা-নিরীক্ষা করেই সঠিকভাবে ফোঁড়ার অপারেশন করা হয়েছে। জ্ঞান ফিরছে না, এটা হতেই পারে। এতে আমার কী করার আছে? "এছাড়া অপারেশনের পর যেকোনো রোগী মারা যেতে, পারে এটাই স্বাভাবিক। চিকিৎসা যেভাবে চলছে সেভাবেই চলবে।" এ ব্যাপারে সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপারেশনের পর জ্ঞান না ফেরাটা আশঙ্কাজনক। এক্ষেত্রে তার জ্ঞান ফিরে আবার সে অজ্ঞান হয়েছে, খিঁচুনি আছে। সেটাও ভাল লক্ষণ নয়। এছাড়া রোববার রাতে ও সোমবার রাতে দু'বার বমি হওয়াটা খুবই আশঙ্কাজনক লক্ষণ।" তিনি বলেন, "এক্ষেত্রে সাধারণত স্ট্রোক হয়ে থাকতে পারে। তাই এখন দ্রুত সিটি স্ক্যান করে চিকিৎসা করা জরুরি।" তিনি আরো বলেন, "এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য না পাঠানোটা অনৈতিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/২২১০ ঘ.