২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়াচ্ছে মুরগি ব্যবসায়ীরা: মন্ত্রী

অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য মুরগি ব্যবসায়ীরা দায়ী করে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, এ ধরনের সাতটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য মুরগি ব্যবসায়ীরা দায়ী করে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, এ ধরনের সাতটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। রোববার সচিবালয়ে মাংস ব্যবসায়ী ও দুগ্ধ খামার মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, "ঈদে মানুষ যেন গরু-ছাগলের মাংস না খায়, সে জন্য পরিকল্পিতভাবে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানো হয়েছে। এ জন্য মুরগি ব্যবসায়ীদের সাতটি প্রতিষ্ঠান জড়িত বলে গোয়েন্দা রিপোর্ট এসেছে।" লতিফ বিশ্বাস প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি। তবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ১৮ সেপ্টেম্বরের পর দেশে কোনো গবাদি পশু অ্যানথ্রাক্স বা তড়কায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। গত ১৮ অগাস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় প্রথম গরুর মধ্যে তড়কা বা অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ দেখা যায়। পরে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। লতিফ বিশ্বাস বলেন, এ পর্যন্ত দেশে ৪৮টি গরু এবং ৫৬টি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা ৫ শতাধিক। মৃত পশুর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মন্ত্রী এর আগে জানিয়েছিলেন। অ্যানথ্রাক্স সংক্রমণ রোধে দেশের বিভিন্ন স্থানে গবাদি পশুকে টিকা দেওয়া হচ্ছে। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্ক কাটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলো মাংস ব্যবসায়ীরা। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স নতুন কোনো রোগ নয়। আগেও এ রোগ ছিল। এটি কোনো মারণব্যাধিও নয়। রোগটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। আক্রান্ত রোগী অতি সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে যায়। প্রাণি বিশেষজ্ঞদের মতে, কেবল আক্রান্ত পশুর সংস্পর্শে এলে রোগটি ছড়ায়। তাই কোনো আক্রান্ত পশুর সন্ধান পাওয়া গেলে তা জবাই করে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩১৫ ঘ.