ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে এডহক ভিত্তিতে ৪ হাজার চিকিৎক ও ৩০ থেকে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, এ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দেশে ৬ হাজার চিকিৎসকের পদ শূন্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ জুলাই শূন্য পদে এডহক ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সারাদেশে এডহক ভিত্তিতে ৪ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এছাড়া ৩০-৩২ হাজার স্বাস্থ্যকর্মীও এডহক ভিত্তিতে নেওয়া হবে। এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।"
সরকারি পর্যায়ে চিকিৎসক নিয়োগ প্রধানত বিবিএস এর মাধ্যমে হয়ে থাকে। এডহক ভিত্তিতে এ নিয়োগের জন্য বিদ্যমান আইনে পরিবর্তন আনতে হচ্ছে। সে কাজটি চলছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
রুহুল হক জানান, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছির আলীও ছিলেন।
তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করলেও আনুষ্ঠানিক সম্মেলন এটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৮৩২ ঘ.
bdnews24