ঢাকা এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ সারা দেশে ডায়রিয়ার প্রকোপ কমে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ২২০৪ জন রোগী ভর্তি হয়েছে। আগের দুদিনে এ সংখ্যা ছিল যথাক্রমে ২২৯২ ও ২২৪০ জন।
অন্যদিকে মহাখালীর আইসিডিডিআর'বির হাসপাতালে বুধবার মোট ৭৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। আগের দুদিন এ সংখ্যা ছিল যথাক্রমে ৮৬৩ ও ৮৩৯ জন।
তবে রোগীর সংখ্যা কমলেও ডায়রিয়ার ভুগে বুধবার আইসিডিডিআরবিতে চিকিৎসাধীন ২ জন এবং কুমিল্লায় ১ জন মারা গেছে।
আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদত হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডায়রিয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। আমাদের এখানে রোগীর সংখ্যা কমে আসতে শুরু করেছে। আশা করছি, এটা আরো কমবে।"
গরম কিছুটা কমে আসায় পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে ডা. শাহাদত বলেন, "এছাড়া পানি ব্যবহারে মানুষ আগের তুলনায় বেশি সতর্ক হয়েছে। গরম কমে গেলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আরো কমে যাবে।"
তিন জনের মৃত্যুর জন্য তিনি চিকিৎসা গ্রহণে বিলম্বকে দায়ী করেন। শাহাদত বলেন, "আমরা বারবার বলছি, ডায়রিয়া হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারও আগে থেকেই নিয়মিত স্যালাইন দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/২০৫৬ঘ.
bdnews24