২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে এইচআইভি-র নতুন ধরণের ওষুধ চালু

যুক্তরাজ্যের রোগীরা এখন থেকে নতুন ধরণের একটি এইচআইভি ওষুধ ব্যবহারের সুযোগ পাবেন। গত এক দশকের মধ্যে এটিই এইচআইভি -এইডসের প্রথম নতুন মুখে খাওয়ার ওষুধ। ফাইজারের সেলসেন্ট্রি (ম্যারাভাইরক) নামের এ ওষুধটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষের মধ্যে ঢুকতে বাধা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

লন্ডন ,১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন) --যুক্তরাজ্যের রোগীরা এখন থেকে নতুন ধরণের একটি এইচআইভি ওষুধ ব্যবহারের সুযোগ পাবেন। গত এক দশকের মধ্যে এটিই এইচআইভি -এইডসের প্রথম নতুন মুখে খাওয়ার ওষুধ। ফাইজারের সেলসেন্ট্রি (ম্যারাভাইরক) নামের এ ওষুধটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষের মধ্যে ঢুকতে বাধা দেয়। এইচআইভি নিয়ে কাজ করে এমন ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠানগুলো ওষুধটি বাজারে আসার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। কোটি কোটি ডলার ব্যয় করে ১০ বছর চেষ্টার পর এটি তৈরিতে সক্ষম হয়েছে ফাইজার। সেলসেন্ট্রি শরীর থেকে এইচআইভি পুরোপুরি দূর করতে পারবে না। তবে বাজারে পাওয়া অন্য ওষুধে কাজ হয়নি এমন রোগীদের সাহায্য করতে পারে এটি। হার্ট (হাইলি অ্যাকটিভ অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি) নামে পরিচিত তিনটি ওষুধের একটি মিশেল এইচআইভি আক্রান্তদের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ালেও এর বিরুদ্ধে লড়াইতে এইচআইভি ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা চিকিৎসকদের জন্য একটি মাথাব্যথার কারণ। সেলসেন্ট্রি অন্য কিছু অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধের সঙ্গে মিলিয়েই খেতে হয়। তবে এটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কাজ করে। এ ওষুধটি 'সিসিআর৫ রিসেপটর' নামে একটি আনুবীক্ষণিক প্রবেশদ্বারকে বন্ধ করে। এইচআইভি ভাইরাস রোগ প্রতিরোধে কাজ করা সিডি৪-টি কোষের ভেতরে ঢুকে তাকে সংক্রমিত করে সিসিআর৫ রিসেপটর নামের প্রবেশদ্বারটি দিয়েই। বাজারে বর্তমানে আর যেসব মুখে খাওয়ার ওষুধ পাওয়া যায় তার সবগুলোই কাজ করে কেবল এইচআইভি ভাইরাস রোগ প্রতিরোধী কোষে ঢোকার পরই। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে অনুমোদন পায় ম্যারাভাইরক। সেখানে এটি বাজারজাত করা হয়েছে সেলজেন্ট্রি নামে। পরীক্ষায় দেখা গেছে ,কিছু রোগীর শরীরে (শুধু যারা সিসিআর৫-ট্রপিক এইচআইভি-১ জাতের ভাইরাসে আক্রান্ত) এ ওষুধটি রক্তে এইচআইভি ভাইরাসের সংখ্যা হ্রাস এবং সিডি৪ কোষের সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে। ৫০ থেকে ৭৮% শতাংশ এইচআইভি রোগী এই প্রজাতির ভাইরাসে আক্রান্ত। ব্রিটিশ এইচআইভি অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন অধ্যাপিকা মার্গারেট জনসন বলেন,"এইচআইভি আক্রান্তদের জন্য ম্যারাভাইরকের আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ ঘটনা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৩০৯ঘ.