করোনাভাইরাস: ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে কড়াকড়ি
কুয়েতের সিভিল এভিয়েশন এর ঘোষিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ই মার্চ এর পর থেকে ১০ দেশের নাগরিকদের করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হতে মেডিকেল টেস্ট সম্পন্ন করে কুয়েতে প্রবেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা এই ১০ দেশ হচ্ছে- ফিলিপিন্স, ভারত, বাংলাদেশ, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবানন।
বিজ্ঞপ্তিতে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েতে যেতে ইচ্ছুকরা করোনাভাইরাস সংক্রমণ মুক্ত তা নিশ্চিত হওয়ার পরই তাদেরকে কুয়েতে প্রবেশের নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন।
এক্ষেত্রে কুয়েতের সিভিল এভিয়েশন জানিয়েছে, পিসিআর পরীক্ষাটি অবশ্যই (বাংলাদেশীদের জন্য) বাংলাদেশের কুয়েত দূতাবাসের অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে হতে হবে।
সংশ্লিষ্ট এ বিভাগটি আরো জানিয়েছে, করোনাভাইরাস মুক্ত সার্টিফিকেট ছাড়া যারা কুয়েতে প্রবেশের চেষ্টা করবেন, তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৮ই মার্চ থেকে (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত প্রবেশের এ নিয়মটি কার্যকর হতে চলেছে।
