ক্লাস বর্জনে নার্সিং কলেজের শিক্ষার্থীরা
নতুন কারিকুলাম পর্যালোচনাসহ ৪ দফা দাবিতে ক্লাস, প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ বেসিক গ্রেজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ) ডাকে রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
কেন্দ্রীয়ভাবে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিবিজিএসএনএ’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশের সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল থেকে এই কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয়ভাবে ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সভা করেছি আমরা। দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”
দাবি পূরণে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান আল মামুন।
“আমরা এই উদ্দেশ্য প্রণীত কারিকুলাম বাতিল এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য নার্সিং পেশার উন্নয়ন চাই। দক্ষ নার্স গড়ার লক্ষ্যে সেবার ক্যাডার চালুসহ যৌক্তিক ৪ দফা দাবির পক্ষে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা আশা করি, আমাদের দাবিগুলো প্রধানমন্ত্রী নিজে তদারকি করবেন।’’
শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলো হচ্ছে- চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত নতুন কারিকুলাম রিভিউ এবং তার আগ পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু, ইন্টার্ন ভাতা ছয় হাজার টাকা থেকে ২০ হাজার এবং বৃত্তি দুই হাজার টাকা হতে পাঁচ হাজার টাকায় উন্নীত করা এবং সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজনপূর্বক নার্সিং কলেজ সমূহ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।
