ঢাকায় নিউরো সাইন্স সামিট শনিবার
স্ট্রোক প্রতিরোধ, চিকিৎসা ও পুর্নবাসন নিয়ে আলোচনার জন্য দেশের নিউরো সার্জনদের নিয়ে শনিবার হতে যাচ্ছে ‘ঢাকা নিউরো সাইন্স সামিট-২০১৬’।
স্ট্রোক নিয়ে সচেতনতা তৈরিতে এই সম্মেলনের উদ্যোক্তা ঢাকায় কাজ করা যুক্তরাজ্যের দাতব্য সংস্থা স্যার উইলিয়াম বেভেরিজ ফাউন্ডেশন।
সম্মেলনের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাশ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যেকোনো ব্যক্তি যে কোনো সময়ে স্ট্রোকে আক্রান্ত হতে পারে।
“তাই এরকম পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এবং চিকিৎসার পর কী করতে হবে তা আমাদের জানতে হবে।”
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এএসএম কামরুল হাসান।
আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্মেলনের উদ্বোধন করবেন বলে ব্রিফিং থেকে জানানো হয়।
অধ্যাপক এএসএম কামরুল হাসান বলেন, বাংলাদেশে স্ট্রোকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে এ বিষয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ বেড়েছে।
অনিয়ন্ত্রিত রক্তচাপ, ডায়াবেটিস এবং ধূমপানকে স্ট্রোকের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
