ক্যানসার চিকিৎসায় আসছে যুক্তরাষ্ট্রের অনকোলজি ইনস্টিটিউট
বাংলাদেশে ‘বিশ্বমানের’ ক্যানসার চিকিৎসায় ‘এএফসি হেলথ লিমিটেডের’ সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যামেরিকান অনকোলজি ইনস্টিটিউট (এওআই)।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পর জানান, ক্যানসার চিকিৎসায় বন্দরনগরীর চট্টগ্রামে ২০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
বাংলাদেশে কতজন ক্যানসার রোগী রয়েছে সেবিষয়ে কোনো পরিসংখ্যান নেই। তবে দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালে যেহারে ক্যানসার রোগী আসে তাতে এ সংখ্যা প্রতিবছর বাড়ছে বলেই ধরে নেওয়া যায়।
কিন্তু দেশে এই রোগের চিকিৎসা নেওয়ার ব্যবস্থা প্রয়োজনের তুলনায় এখনও নগণ্য।
এএফসি হেলথ এর আগে ভারতের ফোরটিস হাসপাতালের সঙ্গে মিলে হৃদরোগের চিকিৎসায় খুলায় একটি হাসপাতাল স্থাপন করে। প্রতিষ্ঠানটি ক্যানসার হাসপাতাল নির্মাণে ১১০ কোটি টাকা বিনিয়োগ করবে, যাতে এওআই সব কারিগরী ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিশ্চিত করবে।
“আমরা হাসপাতালটি ১৮ মাসের মধ্যে চালু করতে চাই,” এক সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ক্যানসার ট্রিটমেন্ট সার্ভিস ইন্টারন্যাশনাল (সিটিএসআই)’ এর প্রধান নির্বাহী জোসেফ নিকোলাস।
অ্যামেরিকান অনকোলজি ইনস্টিটিউট তথা এওআই এই সিটিএসআই’র একটি আন্তর্জাতিক ব্র্যান্ড।
জোসেফ নিকোলাস বলেন, “আমরা বাংলাদেশে এমন একটি ক্যানসার হাসপাতাল স্থাপনের লক্ষ্য নিয়েছি যা স্থানীয় ডাক্তার ও নার্সদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানের চিকিৎসা সেবা দিতে পারবে।
“আমরা তাদের আমাদের যুক্তরাষ্ট্রের বা ভারতের হায়দ্রাবাদের হাসপাতালে প্রশিক্ষণ দেব। যুক্তরাষ্ট্রে আমরা যেরকম সর্বাধুনিক মানের চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করি এখানকার ডাক্তারদেরও অবশ্যই তাই করতে হবে।”
যুক্তরাষ্ট্র বা ভারতের মতো চট্টগ্রামেও রোগীদের একই ধরনের যত্ন নেওয়া তাদের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “যে কেউ বড় বড় মেশিন কিনতে পারে। কিন্তু এগুলো যথাযথভাবে পরিচালিত করা এবং এজন্য স্থানীয়দের প্রশিক্ষণই আসল চাবিকাঠি।”
হাসপাতালটিকে তাদের সারা বিশ্বের হাসপাতালগুলোর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা জানিয়ে জোসেফ বলেন, “এর মাধ্যমে যে কোনো জটিল সমস্যা দেখা দিলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের চিকিৎসকরা সেটি পুর্নমূল্যায়ন করতে পারবেন।”
সিটিএসআই’র প্রধান নির্বাহী জোসেফ নিকোলাসের সঙ্গে চুক্তিতে সই করেন এএফসি’র পরিচালক (অপারেশন) সাইদুল আমিন।
এএফসির ব্যবস্থাপনা পরিচালক এএম সাইফুর রহমান বলেন, স্বল্প ব্যায়ে গুণগত চিকিৎসা নিশ্চিত করা তাদের লক্ষ্য।
