এইডস এর গুজবে খালি শ্রীলঙ্কার স্কুল
একজন শিক্ষার্থী প্রাণঘাতী এইডস এ আক্রান্ত এই গুজবে খালি হয়ে গেছে শ্রীলঙ্কার একটি স্কুল। অভিভাবকরা বাকি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
বিবিসি জানায়, ছয় বছর বয়সী ওই শিক্ষার্থী এইডস আক্রান্ত নয় এ সংক্রান্ত সনদপত্র থাকার পরও গত সপ্তাহে অভিভাবকরা কুরুনেগেলা স্কুলে তাদের সন্তানদেরকে পাঠানো বন্ধ করে দেয়।
ছয় বছর বয়সী ওই শিশুটির মা চানদানি ডি সইসা বিবিসি’কে বলেন, তার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে। কে বা কারা গুজব ছড়ায় তার এইডস হয়েছিল।
“আমার স্বামীর এইডস হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। আমি কয়েকদিন ধরে আমার সন্তানের জন্য একটি স্কুল খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু এইডস আতঙ্কে কোনও স্কুল তাকে ভর্তি করতে রাজি হচ্ছে না।”
“আমি এর প্রতিবাদ করেছি। কিন্তু তাতে কিছুই হয়নি। এমনকি আমার কাজ পেতেও অনেক সমস্যা হচ্ছে।”
এ মাসের শুরুতে বিবিসি সিংহলিতে এ খবর প্রচার পাওয়ার পর শিক্ষা ও মানবাধিকার কর্মীদের চাপে কুরুনেগেলা স্কুল কর্তৃপক্ষ ওই শিশুটিকে ভর্তি করতে বাধ্য হয়।
ছবি: বিবিসি
যদিও চানদানির কাছে তিনি নিজে বা তার সন্তান এইডস আক্রান্ত নয় এমন সনদপত্র রয়েছে।
তিনি ছেলেকে সরাবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দেন। এরপর বাকি অভিভাবকরা তাদের সন্তানদের সরিয়ে নেয়।
চানদানি বলেন, “সে ক্লাসে যায় এবং অন্য শিশুদের সঙ্গে খেলা করে। কিন্তু তারপরই হঠাৎ করে বাকি অভিভাবকরা এসে তাদের সন্তানদের নিয়ে চলে যায়।”
শিশুটির ক্লাস টিচার বলেন, “সে যখন আমাকে জিজ্ঞাসা করল কেন আমার কারণে আমার সব বন্ধুরা চলে গেল? কেন পুলিশ ও অন্যান্যরা এখানে এসেছে? তখন আমার খুব কষ্ট হচ্ছিল।”
“অথচ অন্যান্য শিশুরা তার সঙ্গে স্বাভাবিক আচরণই করছিল। কিন্তু এখন যখন আবার শিশুগুলো ফিরে আসবে তখন শিশুটির সঙ্গে তারা কি ধরনের আচরণ করবে সেটা আমি বুঝে উঠতে পারছি না।”
কুরুনেগেলা স্কুল কর্তৃপক্ষ বিবিসি’কে বলেছে, এ বিষয়ে আলোচনার জন্য তারা অভিভাবকদের সঙ্গে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে।
আঞ্চলিক শিক্ষা পরিচালক সামান উইজেসেকারা বলেন, বাকি ১৮৬ জন শিক্ষার্থীর সবার বাবা মা কে বাচ্চাদের আপাতত স্কুলে পাঠানো বন্ধ রাখতে বলা হয়েছে।
“এ সমস্যা সমাধানে আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে একটি শিক্ষামূলক অধিবেশনে বসার কথা ভাবছি।”
