জিকা ঠেকাতে মশা বীজাণুমুক্ত করবে ব্রাজিল
জিকা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গামা রশ্মি ব্যবহার করে পুরুষ মশাগুলোকে বীজাণুমুক্ত করার পরিকল্পনা করছে ব্রাজিল।
ইরেডিয়েটর নামক একটি যন্ত্রের মাধ্যমে মশাগুলোর ওপর এ গামারশ্মি প্রয়োগ করা হবে।
“এটি এক ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক মানুষের বেলায় যেমন আছে পরিবার পরিকল্পনা পদ্ধতি,” বলেন আইএইএ’র ‘ইনসেক্ট পেস্ট কন্ট্রোল ল্যাবরাটরি’র অনুজীব বিজ্ঞানী কোস্টাস বুর্টিস।
মশা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন, গামারশ্মি দিয়ে বীজাণুমুক্ত করা পুরুষ মশাগুলোকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। এরপর সেগুলো বন্য নারী মশার সঙ্গে মিলিত হলে ওই নারী মশাগুলো যে ডিম পাড়বে সেগুলো থেকে কোনো বাচ্চা হবে না।
সম্প্রতি ব্রাজিলসহ আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে জিকা ভাইরাস মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে।
জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি খুব বেশি শারীরিক অসুবিধায় না পড়লেও গর্ভাবস্থায় এ ভাইরাসে আক্রান্ত হলে তা গর্ভের শিশুর মস্তিষ্ক গঠন বাধাগ্রস্ত করছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও বিষয়টি এখনও প্রমাণিত নয়। কিন্তু গত বছর মে মাসে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশটিতে মারাত্মক হারে ছোট মাথার শিশু জন্মগ্রহণ বেড়ে গেছে। চিকিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের এই অবস্থাকে মাইক্রোসেফালি বলে।
মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশু মাতৃগর্ভে থাকার সময় তার মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে এইসব শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
জিকা ভাইরাস প্রতিরোধে এখনও কোনও টিকা আবিস্কার না হওয়ায় এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে মশার জন্ম নিয়ন্ত্রণ করাটাই এখন একমাত্র উপায়। ইরেডিয়েটর ডিভাইসের মাধ্যমে গামা রশ্মি দিয়ে সে কাজটিই করতে চাইছেন গবেষকরা।
মাদেইরায় পর্তুগালের দ্বীপগুলোতে ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণে ইরেডিয়েটর ব্যবহার করা হয়।
সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে বলা হয়েছে, তারা ব্রাজিলের জুয়াজেইরোতে এ ডিভাইস পাঠাবে। ব্রাজিল সরকার ডিভাইসটি আমদানির অনুমতি দেওয়া মাত্র তা পাঠানো হবে।
জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০১৬ সালের অগাস্টে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক গেমস আয়োজনও শঙ্কার মুখে পড়েছে।
