স্থূলতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
স্থুলতার সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে এবং আগামী দিনগুলোতে শুধুমাত্র স্থুলতার কারণে বাড়তি অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিবেদন একথাই বলছে।
ব্রিটিশ ক্যান্সার গবেষণা ও হেল্থ ফোরামের প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ বছরের মধ্যে শুধুমাত্র স্থূলতা এবং অস্বাস্থ্যকর ওজনের কারণে বাড়তি ছয় লাখ ৭০ হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হবে।
আর বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ যুক্তরাজ্যে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় তিনজনের অতিরিক্ত ওজন থাকবে বা তারা স্থুলতায় ভুগবে।
রাত ৯টার আগে টেলিভিশনে সুনির্দিষ্ট কিছু খাবারের বিজ্ঞাপন দেওয়া বন্ধ রাখা উচিত বলেও প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়।
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তরা বলেন, শিশুদের স্থুলতা নিয়ন্ত্রণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে, স্থুলতার সঙ্গে খাদ্যনালী, গর্ভ ও পিত্তথলির ক্যান্সারসহ আরও বেশ কয়েকধরনের ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে।
এছাড়া, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
এই প্রতিবেদনটি তৈরির সময় গবেষকরা কম্পিউটার মডেলিং ব্যবস্থার মাধ্যমে অতীতের সঙ্গে বর্তমান স্বাস্থ্য তথ্য তুলনা করে আগামী ২০ বছরে স্থুলতার কারণে শরীরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে ধারণা করেন।
প্রতিবেদনে বলা হয়, ২০৩৫ সাল নাগাদ অতিরিক্ত ওজনের কারণে বাড়তি প্রায় ৪৬ লাখ মানুষ টাইপ-২ ডায়াবেটিস এবং ১৬ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হবে।
এজন্য যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসকে (এনএইচএস) বাড়তি ২.৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে।
