সহিংসতা শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য হানিকর
সামাজিক সহিংসতার ভয়াবহতা শিশুরা নিজ চোখে প্রত্যক্ষ করলে পরবর্তী জীবনে তার আচরণগত এবং মানসিক সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের একদল গবেষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টেক্সাস টেক ইউনিভার্সিটি হেল্থ সায়েন্স সেন্টার-এল পাসোর গবেষকরা মেক্সিকোর হুয়ারেজ শহরের শিশুদের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেন।
গবেষকরা বলেন, চোখের সামনে গণকবর বা সন্ত্রাসী কর্মকাণ্ড (যেমন: অপহরণ, বোমা বিস্ফোরণ বা শিরশ্ছেদ) হতে দেখলে তা শিশুদের মনস্ত্বত্তে নেতিবাচক প্রভাব ফেলে।
বিশ্বে যেসব শহরে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় হুয়ারেজ সেগুলোর অন্যতম।
প্রধান গবেষক ম্যারি লেইনার বলেন, “আমি হুয়ারেজে বসবাসকারী শিশুদের নিয়ে খুবই উদ্বিগ্ন। কয়েক বছর আগেও সেখানে মাদক নিয়ে নৃসংশতা চূড়ান্ত পর্যায়ে ছিল।”
গবেষকরা অপেক্ষাকৃত নিরাপদ শহর এল পাসোতে বসবাস করা শিশুদের মানসিক অবস্থার সঙ্গে হুয়ারেজের শিশুদের মানসিক অবস্থার তুলনা করেন।
উভয় পক্ষ থেকে সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে গবেষকরা দেখেন, হুয়ারেজে বাস করা শিশুদের মধ্যে হতাশা, আগ্রাসী মনোভাব, উদ্বেগ, ধ্বংসের মনোভাব, মনোযোগের ঘাটতির মতো সমস্যা এল পাসোতে বাস করা শিশুদের তুলনায় তিনগুণ বেশি।
লেইনার বলেন, “আমি বলছি না যে, এল পাসোর শিশুরা নৃসংশতায় প্রভাবিত হয় না। কিন্তু তাদেরকে শহরের সর্বত্র নৃসংশতার নগ্ন চিত্র দেখতে হয় না। তারা তাদের পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয় না বা স্কুলে যাওয়ার পর বন্ধুর পরিবারের সদস্যদের খুন হওয়ার খবরও তাদের শুনতে হয় না।”
