২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পশুর যক্ষ্মায় নাজুক হতে পারে মানুষের যক্ষ্মা-লড়াই’

গবাদিপশুর যক্ষ্মা মানুষের শরীরে সংক্রমিত হওয়ার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে বহুল পরিচিত হলেও এর ক্ষতিকর প্রভাব নিয়ে এতোদিন খুবই সীমিত ধারণা ছিল।

নুরুল ইসলাম হাসিব

সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

গবাদিপশুর এই যক্ষ্মা ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলে মানুষের লড়াইকে নাজুক করে দিতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

সাউথ আফ্রিকার কেপটাউনে চলমান ফুসফুস স্বাস্থ্য বিষয়ে ৪৬তম ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্সে এই তথ্য তুলে ধরা হয়।

এক জরিপে নাইজেরিয়ায় গবাদিপশুর খামারের শ্রমিকদের মধ্যে পশুবাহিত এই যক্ষ্মার উচ্চমাত্রার হার পাওয়ার পর বিজ্ঞানীরা এটাকে নজরে নিয়েছেন।

কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড বায়োমেডিকেল সায়েসেন্স কলেজের সহকারী অধ্যাপক ড. ফ্রান্সিসকো ওলেয়া-পপেলকা বলেন, গত দুই থেকে তিন দশক ধরে বিশ্বজুড়ে পশুবাহিত যক্ষ্মার বিষয়টি নজরের বাইরে রয়েছে।

“এখন যাদের (পশুবাহিত যক্ষ্মারোগী) শনাক্ত করা হচ্ছে তাদের বাইরেও ব্যাপকসংখ্যক রোগী রয়েছে,” সম্মেলন চলাকালে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, যক্ষ্মা রোগের এক দশমিক চার ভাগ ক্ষেত্রে পশুবাহিত জীবানুর অস্তিত্ব পাওয়া যায়।

ড. ওলেয়া-পপেলকা বলেন, এতে প্রায় এক লাখ ২৬ হাজার মানুষ বছরে আক্রান্ত হয় বলে ধারণা করা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশেও এই যক্ষ্মার প্রমাণ মিলেছে বৈজ্ঞানিক গবেষণাপত্রে ঈঙ্গিত পাওয়া যায়।

সম্মেলনে ভারতের উপস্থাপিত গবেষণাপত্রে দেখানো হয়েছে, যক্ষ্মায় আক্রান্ত হাতি মানুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। কারণ উভয় যক্ষ্মার পেছনে রয়েছে বায়ুবাহিত জীবাণু, যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে পরিচিত।

তবে অপাস্তুরিত দুধপান ও কাঁচা মাংস খাওয়া থেকে পশুবাহিত যক্ষ্মা সংক্রমিত হয়।

নজর না দেওয়ায় ঝুঁকি বাড়ছে

ড. ওলেয়া-পপেলকা বলেন, পশুবাহিত যক্ষ্মা মোকাবেলায় সবচেয়ে বড় বাধা হল- যক্ষ্মার চিকিৎসার সময় বেশিরভাগ দেশই সংক্রামক ব্যাকটেরিয়া সুনির্দিষ্টভাবে শনাক্ত করে না।

“এই অবহেলার কারণে রোগীরা ভুল নির্ণয়ের শিকার হয় এবং অপর্যাপ্ত চিকিৎসা পায়, যা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ঘটে।”

মাইকোব্যাকটেরিয়াম বোভিস নামে পশুর যক্ষ্মার এই জীবাণু প্রকৃতিগতভাবেই যক্ষ্মার প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত প্রধান ওষুধ পাইরাজিনামাইড প্রতিরোধী।

তিনি বলেন, পশুর যক্ষ্মায় আক্রান্ত রোগীর চিকিৎসায় পাইরাজিনামাইড ব্যবহারে যেমন ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে তেমনি তা চিকিৎসা চলাকালে ব্যবহৃত যক্ষ্মার অন্য ওষুধ প্রতিরোধের ক্ষমতা অর্জন করে।

“পশুবাহিত যক্ষ্মার চিকিৎসায় অবশ্যই নয় মাস ধরে রোগীকে ওষুধ গ্রহণ করতে হবে, যার মেয়াদ সাধারণ যক্ষ্মায় ছয় মাস,” বলে ড. ওলেয়া-পপেলকা।

পশুর যক্ষ্মা জীবানু ছড়াতে পারে বলে তার চিকিৎসা না করতে বিশ্বজুড়ে সুপারিশ করা হয়। যুক্তরাষ্ট্রে আক্রান্ত পশুকে মেরে ফেলা হয়।