২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রতি ৯৯০ জনের জন্য হাসপাতালে একটি শয্যা

দেশে সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা ৭১ হাজার ৬৬০টি এবং বেসরকারি হাসপাতালে ৯৯ হাজার ৯৭৫টি।

দেশে প্রতি ৯৯০ জনের জন্য হাসপাতালে একটি শয্যা

২০২৩ সালের সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ যখন মারাত্মক আকার ধারণ করেছে, ঢাকার মুগদা হাসপাতালে এভাবে মেঝেতে রেখেও রোগীদের চিকিৎসা দিতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 08:33 PM

Updated : 29 Feb 2024, 08:33 PM

দেশে প্রতি ৯৯০ জনের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতাল ‍মিলিয়ে মাত্র একটি শয্যা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র এমপি এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে অধিবেশন শুরু হয়।

দেশে প্রতি ৫০ জন মানুষের বিপরীতে সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা ০.০২১১টি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।”

২০২২ সালের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা ৭১ হাজার ৬৬০টি এবং বেসরকারি হাসপাতালে ৯৯ হাজার ৯৭৫টি।

সব মিলিয়ে হাসপাতালে শয্যা রয়েছে মোট ১ লাখ ৭১৬৭৫টি। এই হিসাবে প্রতি ৯৯০ জন মানুষের বিপরীতে একটি শয্যা রয়েছে।”

বিরোধী দলীয় চিপ হুইপ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা যদি তার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই তিনি অবৈধ ক্লিনিক বন্ধ করতে পারবেন।

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যেসব ক্লিনিক বা ডায়গনস্টিক সেন্টার আছে, সেখানে সব সুযোগ সুবিধা আছে কি না, লাইসেন্স আছে কি না, এসব দেখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল বলেন, তিনি সব হাসপাতাল বন্ধের পক্ষে নন। যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম আছে, সেসব হাসপাতাল চালু রাখার পক্ষে।

সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি সব বিভাগে গিয়ে হাসপাতালগুলোতে কী কী সমস্যা আছে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করব। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করা গেলে ঢাকা, চট্টগ্রামের মত শহরে রোগীর ভিড় হবে না, মাটিতে শুয়ে থাকতে হবে না।”

স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি হাসপাতালগুলোতে স্নাতক ডিগ্রিধারী ডাক্তার আছেন ২৯ হাজার ৫৬১ জন। স্নাতক ডিগ্রিধারী নার্সের সংখ্যা ৬৬৫০ জন, যাদের মধ্যে বিএসসি ইন নার্সিং ৩৯০৪ জন, বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং (পোস্ট বেসিক) ১৫৯৭ জন এবং বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) ১১৪৯ জন। স্নাতক ফার্মাসিস্ট ৫ জন।

জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের ১৪ হাজার ২৯২টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ২৭৫টি কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম চলমান রয়েছে।

দেশের ৪২৯টি কার্যকরী উপজেলা হাসপাতালের মধ্যে ৩৮৩টিতে এক্সরে মেশিন রয়েছে। এর মধ্যে ৫৩টি অচল বলে সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব উর রহমানের প্রশ্নের জবাবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আনুষ্ঠানিক খাতের সরকারি চাকরিজীবী ও পোশাকশিল্পে শ্রমিকদের জন্য সামাজিক স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ভবিষ্যতে অনানুষ্ঠানিক খাতের জনগোষ্ঠীকেও এ বীমার আওতায় আনা হবে।”

সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, দেশে ফ্যাটি লিভার নিয়ে জাতীয় পর্যায়ে কোনো গবেষণা হয়নি। তাই দেশের প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে অক্রোন্ত কিনা এ বিষয়ে ব্যাপক গবেষণা প্রয়োজন।

“লিভার ক্যান্সারের অন্যতম কারণ হেপাটাইটিস-বি ভাইরাস। ফ্যাটি লিভারের কারণে লিভার ক্যান্সার হতে পারে, তবে এর সঠিক কারণ সম্পর্কিত কোনো গবেষণা তথ্য নেই। স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এ ব্যাপারে আগামীতে আরও গবেষণা করা হবে। ক্যান্সারের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন রয়েছে।

“সরকারের আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় মেডিকেল কলেজ স্থাপন চলমান প্রক্রিয়া। কোনো জেলার মোট জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, প্রয়োজনীয়তা, জনগুরুত্ব ইত্যাদি বিষয় বিবেচনাপূর্বক পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে।”

সরকার দলীয় এমপি মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সম্প্রতি আমেরিকা ও ইউরোপের কিছু দেশ, ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, চীনসহ বিশ্বের ৭১টি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট SARS-CoV-2 Variant JN.1 ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে বর্তমানে প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭.৩২ জন।

“গত ২০ ডিসেম্বর সর্বপ্রথম বাংলাদেশে এই সংক্রমণ সনাক্ত হয়। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই নতুন ভ্যারিয়েন্ট ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। সংক্রমণ প্রতিরোধে সার্ভেইলেন্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

সরকার দলীয় এমপি তৌহিদুজ্জামানের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, করোনারি স্টেন্ট (রিং) এবং মেকানিক্যাল ভাল্ব ‘হাইটেক’ পণ্য। করোনারি স্টেন্টের প্ল্যান্ট তৈরি করতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হয়। আপাতত এ ধরনের প্রকল্প নেওয়ার পরিকল্পনা সরকারের নেই। এ ধরনের প্রকল্প অনুমোদনের কোনো আবেদনও ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা হয়নি।

স্বল্পমূল্যে দেশের জনসাধারণের হৃদরোগের চিকিৎসা নিশ্চিত করতে সরকার চেষ্টা চালিয়ে যচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “হৃদরোগের চিকিৎসার জন্য বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করা হয়েছে। স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের চিন্তা করে সরকার স্টেন্ট আমদানির উপর থেকে সকল ধরনের ভ্যাট, ট্যাক্স বাদ দিয়েছে।”