২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের প্রথম দিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৬ রোগী

বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

বছরের প্রথম দিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৬ রোগী
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 08:50 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন। মশাবাহিত এ রোগে এই সময়ে কারো মৃত্যুর খবর আসেনি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬ জন, ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, খুলনা বিভাগে চার জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, বরিশাল বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছরের শেষে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৩৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১৭ জন; ৩১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। 

২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।