মশা নিয়ন্ত্রণে গবেষণাগার করতে বলল হাই কোর্ট
ভারতের আদলে বাংলাদেশেও ভিসিআরসি করার উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
এইডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে গবেষণার জন্য ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার (ভিসিআরসি) করার কথা বলেছে হাই কোর্ট।
ঢাকার শাহজালাল বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় এর আগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
রায়ে আদালত বলেছে, ভারতের আদলে বাংলাদেশেও ভিসিআরসি করার উদ্যোগ নিতে হবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
তবে কতদিনের মধ্যে এই সেন্টার করতে হবে, সে বিষয়ে কোনো সময়সীমা বলা হয়নি সংক্ষিপ্ত রায়ে।
ভারতে ১৯৭৫ সালে ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। সেখানে মশা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছে ওই গবেষণাগার।
রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ নিজেই আদালতে শুনানি করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুর রশীদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী রিমি নাহরীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
আদালতের আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক কবিরুল বাশার সুপারিশসহ বিশেষজ্ঞ মতামত দিয়েছেন এ মামলার শুনানিতে। মামলাটি নিষ্পত্তি করে সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সিভিল এভিয়েশন এবং সিটি করপোরশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
শাহজালাল বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ হাই কোর্টে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। প্রাথমিক শুনানির পর ওই বছর ১২ মার্চ রুল দেয় হাই কোর্ট।
এর মধ্যে বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশিত হলে সেসব যুক্ত করে গত বছরের ফেব্রুয়ারিতে সম্পূরক আবেদন করেন আইনজীবী তানভীর। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চাওয়া হয় সেখানে।
পরে ওই বছরের ২০ ফেব্রুয়ারি আদালত শাহজালাল বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বেবিচককে নির্দেশ দেন। বেবিচকের চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
এ নির্দেশনার পর সিটি করপোরেশন ও বেবিচক একাধিকবার আদালতে প্রতিবেদন দাখিল করে। গত ৬ মার্চ সেসব প্রতিবেদন আদালতে তুলে ধরেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সেই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ কবিরুল বাশারসহ তিনজনের মতামত জানতে তাদের ডাকে আদালত।
সে অনুসারে কবিরুল বাশার বিমানবন্দর এলাকার চারপাশে চার কিলোমিটার এলাকা মশামুক্ত রাখা নিয়ে ‘আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান’ এর বিভিন্ন বিধি এবং ৮টি সুপারিশ প্রতিবেদনে তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশেও মশা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন। প্রতিবেশী দেশ ভারতে ১৯৭৫ সালে ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী। বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান তৈরি হলে রোগের বাহক মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত কীটনাশক, যন্ত্রপাতি এবং এর রোগতত্ত্ব নিয়ে গবেষণা করা যাবে।
প্রতিবেদনে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১২৬ প্রজাতির মশা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে ১৬ প্রজাতির মশা। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া গেছে ৯ প্রজাতির মশা।
এ কীটতত্ত্ববিদ তার প্রতিবেদনে বলেছেন, প্রজাতি ভেদে মশার প্রজনন স্থল, প্রজনন ঋতু ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভিন্ন। তাই মশা নিয়ন্ত্রণে সফলতার জন্য এর জীবনাচরণ সম্পর্কে জানা দরকার। মশার বায়োলজি, ইকোলজি, স্বভাব পর্যালোচনা করে এর নিয়ন্ত্রণে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ প্রয়োজন।
বিমানবন্দর এলাকায় মশার প্রজনন স্থল হিসেবে দুটি বড় খাল, ছোট-বড় পাঁচটি জলাশয়, খোলা ড্রেন, পরিত্যক্ত টায়ার, ছোটো-বড় বিভিন্ন ধরনের পাত্র, গাছের কোটর এবং বিমানবন্দর ঘিরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড (১, ১৭, ৪৯, ৫০ ও৫২), এয়ারফোর্স এরিয়া, প্রিয়াঙ্কা হাউজিং ছাড়াও রাজউকের কিছু জায়গার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে তিনি বলেছেন, যেহেতু মশা চার কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে, তাই বিমানবন্দরকে মশামুক্ত করতে হলে এর চারপাশে চার কিলোমিটার এলাকা জুড়ে মশার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে হবে। এর জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। কাজটি করা কঠিন নয়।
