২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধের যথাযথ ব্যবহারে ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলটেবিল

ওষুধের অযৌক্তিক ব্যবহার অন্যতম একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ জানিয়ে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত কৌশল গ্রহণের পক্ষে মত দেন আলোচকবৃন্দ।

ওষুধের যথাযথ ব্যবহারে ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলটেবিল

রোববার ব্র্যাক ইউনিভার্সিটির ‘স্কুল অব ফার্মেসি’- এর উদ্যোগে ‘র‌্যাশনাল ইউজ অফ ড্রাগস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 10:05 PM

Updated : 06 Sep 2022, 10:05 PM

ওষুধের যথাযথ ব্যবহার নিয়ে গোলটেবিল বৈঠক হল ব্র্যাক ইউনিভার্সিটিতে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিভার্সিটির ‘স্কুল অব ফার্মেসি’র উদ্যোগে রোববার ‘র‌্যাশনাল ইউজ অফ ড্রাগস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সার্বজনীন স্বাস্থ্য বীমা কভারেজের অনুপস্থিতি, অতিপ্রয়োজনীয় ওষুধের অপর্যাপ্ততা, ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ সেবন, ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধের অপব্যবহার ও নানাবিধ ওষুধ একযোগে ব্যবহারের মতো বিষয়গুলো স্বাস্থ্যহানি ঘটাতে পারে বলে উল্লেখ করা হয়।

ওষুধের অযৌক্তিক ব্যবহার অন্যতম একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ জানিয়ে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত কৌশল গ্রহণের পক্ষে আলোচকরা মত দেন।

এছাড়া জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ ওষুধের যথেচ্ছা ব্যবহাররোধে সম্ভাব্য বেশ কিছু সমাধান তুলে ধরা হয়। এর মধ্যে উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়ায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের নিরলসভাব কাজ করে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

সেই সঙ্গে দক্ষ ফার্মাসিস্ট ও নার্স তৈরির ব্যাপারে হাসপাতাল, ওষুধ শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।

স্কুল অফ ফার্মেসির ডিন অধ্যাপক ড. ইভা রহমান কবিরের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ডিজিডিএ) পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উপপরিচালক ও ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স সেন্টারের প্রেসিডেন্ট ড. মো. আকতার হোসেন, স্কয়ার হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রব্বানী, ডিভিশন অব হসপিটাল সার্ভিসেস বারডেম- এর অতিরিক্ত পরিচালক ডা. নাজিমুল ইসলাম, রোশ বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ আফরোজ জলিল, নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি প্রেসিডেন্ট ডা. রিয়াদ মামুন প্রধানী, প্রাভা হেলথ- এর চিফ অপারেটিং অফিসার ডা. ফয়সাল রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্সেস- এর বায়োটেকনোলজি গ্রোগ্রামের প্রফেসর ড. অপর্না ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন স্কয়ার, এভারকেয়ার এবং আজগর আলী হসপিটালের ফার্মাসিস্ট জাহিদ হাসান, তানজিনা ইসলাম এবং ওমর হাসান।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈঠকের আহ্বায়ক ও স্কুল অফ ফার্মেসির সহযোগী অধ্যাপক ড. শরমিন্দ নীলোৎপল ও ড. মেসবাহ তালুকদার।