০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ২৬ জনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 07:34 PM

Updated : 05 Oct 2026, 07:34 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগে; আরেকজন ঢাকা বিভাগে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ২৬ জনের মৃত্যু হলো। এর বাইরে ১০২ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

সে হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে সংক্রামক এ ব্যাধি এবং এর উপসর্গ নিয়ে নিয়ে ১ হাজার ১২৮ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুসারে, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।

সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি, ৪৬৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৯৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। এর মধ্যে ভর্তি হয় এক হাজার ১৭৯ জন।

ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৩ জন, চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১৫০, বরিশালে ১২৪, খুলনায় ১০০, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ২৭ ও রংপুরে ৪৮ জন চিকিৎসা নিচ্ছেন।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।