ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৪ জন
এপ্রিলের ৩০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৪ জন।
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ¬আরও ২৪ জন রোগী। তবে এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬ জন ডেঙ্গু রোগী।
এর বাইরে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬০ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭০।
এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
এপ্রিলের ৩০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
