২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নামের নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 06:19 PM

Updated : 22 Jun 2023, 06:19 PM

বরাবরের মতো ঈদুল আজহায় আসছে 'ইত্যাদি' খ্যাত নির্মাতা হানিফ সংকেতের নাটক। 

‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নামের নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে। 

ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনী। 

হানিফ সংকেত মূলত প্রতি বছর দুই ঈদের জন্য দু’টি নাটক নির্মাণ করেন। গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। 

নির্মাতা জানান, নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন এবং কক্সবাজারের দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিনদিন নাটকটি ধারণ করা হয়। 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ। 

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।