Published : 17 Sep 2026, 06:08 PM
কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে পরিচালক রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
উৎসবের 'সেন্টারপিস' সেকশনে সিনেমাটির তিনটি শো দেখা যাবে। এর মধ্যে বুধবার হয়ে গেছে সিনেমার প্রথম শো।
নির্মাতা রুবাইয়াত হোসেন গ্লিটজকে জানিয়েছেন, বৃহস্পতিবার কানাডার স্থানীয় সময় রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্স-৪ হলে থাকবে সিনেমার একটি শো, এছাড়া শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে স্কোশিয়াব্যাঙ্ক-৭ হলে সিনেমাটির শেষ প্রদর্শনী হবে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর সেখানকার সাংবাদিক ও উৎসব কর্তৃপক্ষের জন্য ছিল একটি বিশেষ প্রদর্শনী।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গেল ১০ সেপ্টেম্বর, চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে সেরা পরিচালক ক্যাটাগরিতে ইতালির স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের দেওয়া ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
প্রায় দুই দশক ধরে এ সিনেমার ভাবনায় কাজ করছেন পরিচালক রুবাইয়াত। শৈশবে পার্লারের শোনা এক গল্প ও স্মৃতি তাকে তাড়া করে ফিরত। সেই স্মৃতি থেকেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার চিত্রনাট্য।
তিনি বলেছিলেন, “সিনেমাটি দিয়ে আমরা বিউটি বলতে কী বুঝি, সেটাকে প্রশ্ন করতে চেয়েছি। রূপচর্চার এই প্রক্রিয়ার নিচে যে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে, তা দেখানোর চেষ্টা করেছি। সমাজ যেভাবে পার্লারের মাধ্যমে একটি মেয়েকে কৃত্রিম ছাঁচে নারী হিসেবে ম্যানুফ্যাকচার করে, সিনেমাটিতে সেটাই দেখানো হয়েছে।"
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। দেড় বছর এই প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অডিশনের মাধ্যমে তাকে প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়।
সিনেমার অন্যান্য চরিত্রে আছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান।
'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমাটির আরেকটি বিশেষ দিক আছে। সেটি হল এর আবহ সংগীত কম্পোজার ছাড়া প্রতিটি বিভাগের প্রধানই নারী।
চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের লিওনর তেলেস (বার্লিনে গোল্ডেন বিয়ার বিজয়ী), প্রধান লাইটিং টেকনিশিয়ানকে ছিলেন ফ্রেদেরিকা আর গোমেজ, সম্পাদনায় ফ্রান্সের রাফায়েল মার্তা হোলগার এবং প্রোডাকশন ডিজাইনে ছিলেন ভারতের জোনাকী ভট্টাচার্য।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড' এর বাংলাদেশি কলাকুশলীদের মধ্যে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাজীব রাফি, যাহিন শুহরাত ইসলাম ও সাদিয়া আনজুম। শিল্প নির্দেশনায় ছিলেন সাদাব জাফর। সংগীত পরিচালনা করেছেন দামীর খান।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজ।
চলতি বছরের মধ্যেই ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। আগামী বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন বলে পরিচালক জানিয়েছেন।