৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

‘বহুরুপী ৩’: ‘ডাকাতদের’ সঙ্গে থাকছেন মিঠুন চক্রবর্তী

“আসছে বছর আবার হবে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামাণিক।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 01:12 PM

Updated : 31 Oct 2026, 01:12 PM

ভারতের পশ্চিমবঙ্গে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তি পেয়েছে এবারের দুর্গোৎসবে। দ্বিতীয় পর্বের রেশ শেষ হতে না হতেই সিনেমার তৃতীয় পর্ব আসার আভাস মিলেছে।

আর তাতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী।

আনন্দবাজার জানিয়েছে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শেষে বিক্রম প্রামাণিক-মিঠুনের কথোপকথনের দৃশ্য রয়েছে।

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হলভর্তি দর্শককে নির্মাতা নন্দিতা বলছেন, “আসছে বছর আবার হবে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামাণিক।”

নন্দিতা রায় বলেন, “দুবছর আগে ‘বহুরূপী’ সিনেমার প্রথম পর্ব এসেছিল। এটা বড় সিনেমা। অনেক কিছু পরিকল্পনা করতে হয়। তৃতীয় পর্ব হয়ত দুবছর পরে আসবে। এত তাড়াতাড়ি বলা মুশকিল। এটা আমার মাথায় আছে।”

‘বহুরূপী’ প্রথমবার মুক্তি পায় ২০২৪ সালে। এই সিনেমার চিত্রনাট্য ১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রায়পুরে পর পর ঘটে যাওয়া ব্যাঙ্ক ডাকাতির উপর ভিত্তি করে তৈরি হয় সিনেমার চিত্রনাট্য।

তাতে জায়গা পায় মানবিক কিছু সম্পর্ক, পারিবারিক টানাপড়েন, প্রেম ও সাহসিকতা।

আর দুবছর পর অপরাধের অন্ধকার জগৎ, ছদ্মবেশ আর পুলিশের তদন্ত, থ্রিলার—এসব ঘিরেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ তৈরি হয়েছে।