১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতার দেয়ালে দেয়ালে বাংলাদেশের ফারিণ

কলকাতার নির্মাতা অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে তাসনিয়া ফারিণের।

কলকাতার দেয়ালে দেয়ালে বাংলাদেশের ফারিণ

তাসনিয়া ফারিণের ‘আরও এক পৃথিবী’ মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 03:35 PM

Updated : 27 Jan 2023, 04:08 PM

কলকাতার রাস্তায় চলতে ফিরতে পাশের দেয়ালগুলোয় চোখ পড়লে দেখা যাবে ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমার পোস্টার, আর তাতে চোখ আটকাবে কলকাতার নির্মাতা-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পাশে একটি মুখে, সেই মুখ বাংলাদেশের অভিনয় শিল্পী তাসনিয়া ফারিণের।

‘আরও এক পৃথিবী’ নামের এ সিনেমার নির্মাতা অতনু ঘোষ। ভারতের পশ্চিমবঙ্গের এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে ফারিণের। দেশের বাইরেও ফারিণের এটাই প্রথম কাজ।

ইস্টাগ্রামে এই সিনেমার পোস্টার, প্রচারের নানা ছবি আর ট্রেইলার পোস্ট করেছেন এই অভিনেত্রী।

Image

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে সিনেমার খবরের ছবি শেয়ার করে ফারিণ লিখেছেন, “ছবিটি স্বপ্নের, আমাকে স্বপ্নবাজ বলতে আপত্তি করবেন না প্লিজ।“

Image

সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় থাকা ফারিণ জানান, মুক্তি পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আগামী ৩ ফেব্রুয়ারি মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের ৪০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Image

ফারিণের ভাষ্য, রাস্তার পাশে দেয়ালে দেয়ালে তার অভিনীত সিনেমার পোস্টার দেখে তিনি ‘রোমাঞ্চিত’। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ তাকে প্রচারে যেভাবে গুরুত্ব দিয়েছে, তাতে তিনি ‘মুগ্ধ।

Image

ফারিণ ছাড়াও এ সিনেময়া অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু, সাহেব চ্যাটার্জি।