বাংলা গানে ঠোঁট মেলালেন জেনেলিয়া
‘গোলে মালে গোলে মালে পিরিত কইরো না’ গানে নেচেছেন এই বলিউড অভিনেত্রী।
এবার বাংলা গানে ঠোঁট মেলাতে দেখা গেল ভারতীয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে।
শুক্রবার তার নতুন সিনেমা ‘ট্রায়াল পিরিয়ড’র বাংলা গান ‘গোলে মালে’র ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে। সেখানে অভিনেত্রীকে একতারা হাতে নেচে গেয়ে বলতে শোনা গেছে, “পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে গোলে মালে পিরিত কইরো না।”
কমেডি ঘরানার সিনেমা ‘ট্রায়াল পিরিয়ড’ এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ও মানব কাউল। সিনেমাটি পরিচালনা করেছেন আলেয়া সেন।
সিনেমায় দিল্লিতে বসবাস করা একজন বাঙালি ‘সিঙ্গল মাদার’র চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া। সন্তানের আবদারে মানবকে বাবা সাজিয়ে এক মাসের জন্য পরিবারে নিয়ে আসেন তিনি। তারপরেই একের পর এক ঘটনার জন্ম হয়।
গানটি দীপাবলির প্রেক্ষাপটে পারিবারিক অনুষ্ঠানের আবহে শুট করা হয়েছে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও দেব নেগী। সুর করেছেন কৌশিক ও গুড্ডু।
‘বাধাই হো’ ও ‘লাস্ট স্টোরিজ ২’এর মতো সিনেমার প্রযোজক আলেয়া এর আগে ‘দিল জংলি’ সিনেমা পরিচালনা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘গোলে মালে’ গান প্রসঙ্গে আলেয়া বলেছেন, “একজন একা লড়াকু মায়ের গল্পের সঙ্গে এই গানটার মূল ভাবনা মিলে যায়। সেই ভাবনা থেকেই এই গানটিকে সিনেমায় ব্যবহার করেছি।
“দীর্ঘ সময় ধরে এই গানটা সহজেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তাছাড়া এই গানের মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতিও ফুটে উঠেছে। আশা করি, জেনেলিয়াকে এই নতুন অবতারে দর্শক পছন্দ করবেন।”
জেনেলিয়া ও মানব ছাড়াও সিনেমায় রয়েছেন বরুণ চন্দ, শক্তি কাপুর, গজরাজ রাও, শিবা চড্ডা প্রমুখ। আগামী সপ্তাহে ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি।
