১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

পূজায় মুক্তি পেল ‘কাট-পিস’, ‘স্নেহের বন্ধন’ ও ‘চিরকুট’

শুক্রবার থেকে সারা দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে সিনেমাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 01:52 PM

Updated : 16 Oct 2026, 01:52 PM

শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কাট-পিস’, ‘স্নেহের বন্ধন’ এবং ‘চিরকুট’ শিরোনামের তিনটি নতুন চলচ্চিত্র।

পোশাকশিল্পের অন্ধকার জগত, পারিবারিক টানাপোড়েন এবং নব্বইয়ের দশকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাগুলো।

শুক্রবার থেকে সারা দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে সিনেমাগুলো।

ঝুট ব্যবসার গল্পে ‘কাট-পিস’

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। সিনেমাটি দেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

দেশে চলমান প্রেক্ষাগৃহ সংকটকে চলচ্চিত্রশিল্পের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্মাতা ইফফাত জাহান মম।

"বাংলাদেশে বর্তমানে সিনেমা হলের সংকট আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি, ভালো গল্প, নির্মাণশৈলী এবং দর্শকদের আগ্রহ থাকলে এখনো সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনা সম্ভব।

“‘কাট-পিস’ নিয়ে আমার প্রত্যাশা শুধু ব্যবসায়িক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি চাই, সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাক, তারা হলে এসে ছবিটি দেখুন এবং আমাদের কাজকে মূল্যায়ন করুন। আমরা ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিচ্ছি, যা আমাদের জন্য বেশ আশাব্যঞ্জক।"

সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে মম বলেন, "একজন নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি, নতুন চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বিদ্যমান হলগুলো সচল রাখা এবং নতুন হল তৈরির পরিবেশ গড়ে তোলাও জরুরি। কারণ, সিনেমা নির্মাণের পাশাপাশি দর্শকদের সিনেমা দেখার সুযোগ নিশ্চিত করাও আমাদের চলচ্চিত্রশিল্পের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“আমি আশাবাদী, দর্শকদের ভালোবাসা পেলে ‘কাট-পিস’ আমাদের প্রত্যাশার জায়গা থেকে আরও সামনে এগিয়ে যাবে।"

কাট পিস সিনেমার চিত্রনাট্য নিয়ে নির্মাতা বলেন, গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী।

এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা হলেও মুক্তির দিক থেকে প্রথম। সিনেমার একটি আইটেম গান 'ছাপ্পা' প্রকাশ পেয়েছে।

পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন মম।

যেসব হলে মুক্তি পেয়েছে ‘কাট-পিস’ সিনেমা

কাট পিস সিনেমা ঢাকার ভিতরে মিরপুরে স্টার সিনেপ্লেক্স, ঢাকায় ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জে লায়ন সিনেমাস, ঢাকায় শ্যামলী সিনেপ্লেক্স, ঢাকায় আনন্দ, ঢাকায় বিজিবি সিনেমা, ঢাকায় আজাদ সিনেমা, ঢাকায় গীত সিনেমা মুক্তি পেয়েছে।

ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলো হল- কুমিল্লা ক্যান্টনমেন্টে কে স্ক্রিন সিনেপ্লেক্স, বগুড়ায় মম ইন সিনেপ্লেক্স, জিঞ্জিরায় নিউ গুলশান, জয়দেবপুরে বর্ষা, রাজশাহীতে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, রাজশাহীতে রাজতিলক, কুষ্টিয়ায় স্বপ্নীল সিনেপ্লেক্স, চট্টগ্রামে সুগন্ধা সিনেপ্লেক্স, দিনাজপুরে মডার্ন, ফরিদপুরে বনলতা, সান্তাহারে পূর্বাশা, মধুপুরে মাধবী, নাগরপুরে রাজিয়া, কুলিয়ারচরে রাজ সিনেমা এবং চর আলেকজান্ডারে বাণী সিনেমা।

পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্পে ‘স্নেহের বন্ধন’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সামাজিক, পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্পে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’। সিনেমাটি দেশের ১৪ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

কামরুজ্জামান পরিচালিত সিনেমাটি পরিবেশনা করছেন প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী।

সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে অভিনেত্রী মৌ খান বলেন, “এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং ও মায়াবী। আশা করছি দর্শকরা হল থেকে নিরাশ হয়ে ফিরবেন না। ”

এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ।

‘স্নেহের বন্ধন’ সিনেমা হলের তালিকা

ঢাকার ভিতরে স্নেহের বন্ধন সিনেমাটি দেখা যাবে কেরানীগঞ্জে লায়ন সিনেমাস, ঢাকায় সৈনিক ক্লাব, সাভারে সেনা অডিটোরিয়াম, কাঁচপুরে চাঁদমহল সিনেমা হলে।

ঢাকার বাইরে প্রেক্ষাগৃহের মধ্যে কুমিল্লায় কে-স্ক্রীন সিনেপ্লেক্স, চট্টগ্রামে সিনেমা প্যালেস, বরিশালে অভি রুচি, বগুড়ায় সোনিয়া, গাজীপুরে উল্কা, কুলিয়ারচরে আনন্দ, খুলনায় সঙ্গীতা, টেকেরহাটে সোনালী, সিলেটে নন্দিতা এবং ময়মনসিংহে ছায়াবানী।

বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে ‘চিরকুট’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’।

ক্যাম্পাসের তারুণ্য, গভীর বন্ধুত্ব, প্রেম আর স্মৃতির প্রেক্ষাপটে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি তার প্রথম ফিচার ফিল্ম।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফসহ আরও অনেকে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।

এদিকে চিরকুট সিনেমার মুক্তির তারিখ নিয়ে এক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানিয়েছেন, 'চিরকুট' সিনেমাটি গত ৯ অক্টোবর মুক্তি পেয়েছে।

চলচ্চিত্র পরিবেশক প্রদর্শক সমিতির নিয়ম অনুযায়ী এক সপ্তাহে প্রেক্ষাগৃহে দুইটি সিনেমা মুক্তি পেতে পারে। সেক্ষেত্রে চলতি সপ্তাহে 'স্নেহের বন্ধন' ও 'কাট পিস' মুক্তি পেয়েছে।

প্রদর্শক সমিতির পক্ষ থেকে ‘চিরকুট’ সিনেমাটি গত ৯ অক্টোবর রিলিজ হয়েছে বলে জানানো হলেও, বিষয়টি নাকচ করে পরিচালক মুনতাসির আকিব।

তিনি বলেন, "আমাদের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ১৬ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছে । প্রদর্শক সমিতি কেন এই তথ্য দিচ্ছে, সে বিষয়ে আমার কিছু জানা নেই।"

ক্ষোভ প্রকাশ করে আকিব বলেন, "ঈদের মত দুর্গাপূজাও একটি বড় উৎসব। ঈদে একাধিক সিনেমা রিলিজ হতে পারলে পূজায় কেন পারবে না? পূজার সময় চলচ্চিত্র মুক্তিতে প্রতিবন্ধকতা তৈরি করা অনুচিত। উৎসবে দর্শকরা তাদের পছন্দের চলচ্চিত্র দেখার সুযোগ পাওয়ার অধিকার রাখেন। আমি চিরকুট সিনেমাটি পূজার এই উৎসব ঘিরে মুক্তি দিয়েছি।"

চিরকুট সিনেমাটি যেসব হলে দেখা যাচ্ছে

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ার, উত্তরায় সেন্টারপয়েন্ট, মিরপুরের স্টার সিনেপ্লেক্সে, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, চট্টগ্রামে বালি আর্কেডে।

এছাড় যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাস হলেও দেখা যাচ্ছে চিরকুট সিনেমা।