২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যনির্দেশক আলী হায়দারের জন্মদিনে বটতলার বিশেষ আয়োজন

নাট্যনির্দেশক ও অভিনেতা মোহাম্মদ আলী হায়দারের ৫০তম জন্মদিন উপলক্ষে জাতীয় নাট্যশালায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে নাট্যদল বটতলা।

নাট্যনির্দেশক আলী হায়দারের জন্মদিনে বটতলার বিশেষ আয়োজন

মোহাম্মদ আলী হায়দার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2022, 01:47 PM

Updated : 02 Dec 2022, 03:42 PM

নাট্যনির্দেশক, অভিনেতা ও সংগঠক মোহাম্মদ আলী হায়দারের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে নাট্যদল বটতলা।

‘পঞ্চাশে হায়দার: উল্লাসে-সৃজনে-স্বপ্নে সুবর্ণ’ শিরোনামে এই আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘বটতলার আলাপ’। পরদিন শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে প্রকাশ করা হবে মোহাম্মদ আলী হায়দারের সৃজনভুবন তথ্যচিত্র।

এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে মোহাম্মদ আলী হায়দার নির্র্দেশিত নাটক ‘খনা’ এবং আনন্দ আড্ডা।

বটতলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “এত অর্জন যে মানুষের, সেই মানুষের ৫০তম জন্মদিন বিশেষ হওয়া প্রয়োজন এবং ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ যেন তার হাত ধরে বাংলাদেশের থিয়েটার অঙ্গনের মানুষ দেখতে পারে, সেজন্য তাকে আমরা উৎসাহিত করতে চাই। তাই জন্মদিন উপলক্ষ্যে বটতলা পরিবার তিন দিনব্যাপী আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছে।”

Image

‘খনা’ নাটকের পোস্টার।

মোহাম্মদ আলী হায়দারের জন্ম ১৯৭২ সালের ৪ ডিসেম্বরে। নাট্যমঞ্চে খনা, দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া, ক্রাচের কর্নেল, জতুগৃহ, মধুশিকারীর মতো নাটকে নির্দেশনা দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে মঞ্চে আসছে তার নির্দেশিত নতুন নাটক ‘সখী রঙ্গমালা’।

থিয়েটার অঙ্গনের পাশাপাশি শিশুতোষ টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’র হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করেছেন হায়দার। মায়েদের জন্য বিশেষ চ্যানেল গ্রিন টিভির সঙ্গেও যুক্ত রয়েছেন।

বটতলা নাট্যদলের বাইরে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড থিয়েটার দল ‘থিয়েটার ফোকস’ থেকে ‘যমুনা’ এবং ‘টেল অফ টু ফ্রেন্ডস’ নামে আরও দুটো নাটকের নির্দেশনা দিয়েছিলেন।

থিয়েটার পত্রিকা ‘থিয়েটারওয়ালা’ স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে থিয়েটারকর্মীদের মতামতের ভিত্তিতে মানসম্পন্ন যে ৫০টি নাটক বাছাই করেছিল, তার মধ্যে রয়েছে মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত দুটি নাটক ‘খনা’ এবং ‘ক্রাচের কর্নেল’।