সমাবেশের ধাক্কায় স্থগিত হল কনসার্ট
শুক্রবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ কনসার্টে জনপ্রিয় আট ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।
দেশের বড় দুই রাজনৈতিক দল তাদের কর্মসূচি একদিন পিছিয়ে শুক্রবার সমাবেশ করার ঘোষণা দেওয়ায় স্থগিত করা হয়েছে এ দিনের 'দ্য আল্টিমেট রক ফেস্ট ২০২৩' কনসার্ট।
আয়োজকরা বলছেন, সাময়িক স্থগিত করা হলেও কনসার্টটি এখনো বাতিল করা হয়নি। তারা চেষ্টা করবেন সেপ্টেম্বরে এ সংগীতায়োজনকে মঞ্চে আনার।
সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে ২৮ জুলাই বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৪ নম্বর হলে এ কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল দেশের ব্র্যান্ডিং কোম্পানি ওপলি। সে অনুযায়ী টিকেটও বিক্রি করেছিল তারা। বর্তমান সময়ের জনপ্রিয় আট ব্যান্ডের এ কনসার্টে পারফর্ম করার কথা ছিল।
এদিকে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এ নিয়ে তৈরি হয়েছিল উত্তেজনা।
কিন্তু কার্যদিবসে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা মহানগর পুলিশ তাদের অনুমতি দিচ্ছিল না। কাঙ্ক্ষিত স্থানে পুলিশের অনুমতি না পাওয়ার দুই পক্ষই পরে কর্মসূচি এক দিন পিছিয়ে শুক্রবার সমাবেশ করার ঘোষণা দেয়।
এ পরিস্থিতিতে শুক্রবারের কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় ওপলি। বুধবার রাত পৌনে ১টার দিকে ফেইসবুকে পোস্ট দিয়ে কনসার্ট স্থগিতের কথা জানায় তারা।
ওপলির কর্মকর্তা আবির সাদাফ গ্লিটজকে বলেন, "কনসার্ট আয়োজনের জন্য আমাদের সব রকম প্রস্তুতি ছিল। কিন্তু শেষ মুহূর্তে শিল্পী এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কনসার্টটি স্থগিত করা হয়েছে।"
কনসার্টের অনেক টিকেট বিক্রি হয়ে গিয়েছিল জানিয়ে ওপলির সহ-প্রতিষ্ঠাতা আদনান চৌধুরী গ্লিটজকে বলেন, “হুট করে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচির কারণেই আমাদের এই সিদ্ধান্তটা নিতে হল। আমরা তো বুঝতে পারছি না, সেদিন আসলে কী হবে? আমাদের দর্শক, শিল্পীসহ যারা কনসার্টে আসবেন, তারা যদি পথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন, তার দায়িত্ব কে নেবে? সেই শঙ্কা থেকেই আমরা কনসার্ট স্থগিত করেছি।"
কনসার্টটি সেপ্টেম্বরে হতে পারে জানিয়ে তিনি বলেন, "আমরা কনভেনশন সেন্টারের সাথেও কথা বলেছি, তাদের অনুরোধ করেছি আরেকটি তারিখ আমাদেরকে ভেন্যু বরাদ্দ দিতে। নতুন তারিখ পেলে আমরা আবার সবাইকে জানাব। আশা করি সেপ্টেম্বরে আয়োজনটি করতে পারব।"
কনসার্টের জন্য যারা টিকেট কিনেছিলেন, তাদের টিকেটের দাম সাত কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।
প্রায় ছয় মাস পর এ কনসার্টে গান পরিবেশন করার কথা ছিল জনপ্রিয় রক ব্যান্ড 'অর্থহীন' এর। এছাড়া ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েডরাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইসকে এর মতো ব্যান্ড প্রস্তুতি নিয়েছিল কনসার্টে পারফর্ম করার জন্য।
আয়োজকেরা বলেছিল, শুধু কনসার্ট নয়; তরুণ জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সবুজ নগর গড়ার তাদের লক্ষ্য। এই চিন্তা থেকে আয়োজনের স্লোগান নির্ধারণ করা হয়, 'গো গ্রিন ঢাকা সিটি'।
কনসার্টে বিক্রি হওয়া টিকেটের সমপরিমাণ গাছের চারা ঢাকার বিভিন্ন স্থানে লাগানো হবে বলেও ঘোষণা দিয়েছিলেন আয়োজকরা।
ওপলির পক্ষ থেকে কনসার্ট স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে শত বাঁধা পেরিয়ে THE ULTIMATE ROCK FEST 2023 নিয়ে বহুদূর এগিয়ে গিয়েছিলাম যেটা ২৮ জুলাই ২০২৩ এ ICCB হল-4 এ হতে যাচ্ছিলো। কিন্তু বর্তমানে রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শো স্থগিত করতে হচ্ছে। কারণ আমাদের কাছে শো এর চেয়ে আপনাদের নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিক থাকলে, শো একটা নয় অনেক হবে ভিন্ন ভিন্ন চমক দিয়ে কথা দিচ্ছি।"
সকলের সমর্থন আশা করে ওপলির বিজ্ঞপ্তিতে বলা হয়, "আশা করছি আপনাদের পাশে পাবো। কারণ কোন অর্গানাইজার কখনো চায় না তাদের শ্রম বৃথা যাক, তাদের এতো কষ্টের ইভেন্ট বাতিল হোক। তবু সকল দায়ভার নিজেদের ভাগ্য বলে মেনে নিচ্ছি। এই পরিস্থিতির জন্য ক্ষমাপ্রার্থী। আশা করছি পরিস্থিতি শান্ত হলে এবং নিরাপত্তা সুনিশ্চিত হলেই খুব শীঘ্রই ফিরবো The Ultimate Rock Fest নিয়ে।"
