ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী
ইন্দোনেশিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি ইন্দোনেশীয় যাত্রীরা সৌদি আরব যাওয়ার পথে ঢাকাকে ট্রানজিট হাব হিসাবে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আনিস মাত্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতে তিনি এ নিয়ে কথা বলেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, দুই দেশের মধ্যে যোগাযোগ গভীর করার জন্য ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা অনুসন্ধানের বিষয়ে উৎসাহিত করেন আনিস মাত্তা। ঢাকাকে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে ইন্দোনেশিয়া সরকারের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান অসাধারণ সম্পর্কের কথা তুলে ধরে একে আরও গভীর করার কথা বলেন প্রতিমন্ত্রী শামা। বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানিরও আহ্বান জানান তিনি।
একইসঙ্গে দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে বিস্তৃত সহযোগিতার উপর জোর দেন প্রতিমন্ত্রী।
জবাবে প্রথাগত ব্যবসায় যোগাযোগের বাইরে গিয়ে বড় পরিসরে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ কথা বলেন ইন্দোনেশীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী।
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশে, বিশেষ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ অনুসন্ধানেও ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার কথা বলেন তিনি।
