ঢাকায় পাকিস্তানি শিল্পীদের তিনটি কনসার্টই স্থগিত
কনসার্টগুলোর নতুন তারিখ পরে ঘোষণা করা হবে
পাকিস্তানি সংগীতশিল্পী নিয়ে ঢাকায় শুক্রবার ও শনিবার যে তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল কনসার্টগুলো স্থগিতের ঘোষণা এসেছে আয়োজকদের তরফ থেকে।
কনসার্টগুলোর নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
শুক্রবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্টে নগর বাউল জেমসসহ পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।
গ্লোবাল টেক জায়ান্ট শাওমির আয়োজনে হওয়ার কথা ছিল এই কনসার্ট। বৃহস্পতিবার আয়োজকেরা ফেইসবুকে এক পোস্টে লিখেছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শাওমির পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।"
একই দিন ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ কনসার্ট হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পাশাপাশি দেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের পারফর্ম করার কথা ছিল।
আয়োজক ‘ঢাকা বিটস’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনীয় সব ছাড়পত্র নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তের ‘নিরাপত্তাসংক্রান্ত কারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায়’ অনুষ্ঠানটি পুনর্নির্ধারণ করতে হয়েছে।
শনিবার পাকিস্তানের কাবিশ ব্যান্ডের ‘কাবিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের আরও একটি কনসার্ট হওয়ার কথা ছিল।
আয়োজক ‘প্রাইমওয়েভ কমিউনিকেশন’ এক বিবৃতিতে জানিয়েছে, দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ কনসার্টটি পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।
“প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও নিয়ন্ত্রণের বাইরে থাকা অনিবার্য পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দিয়েছে। ফলে সব কয়টি অনুষ্ঠানই স্থগিত করা হয়েছে।”
‘প্রাইমওয়েভ কমিউনিকেশন’ আরও বলছে, “এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সৃষ্ট অসুবিধা ও হতাশার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা সব টিকেট নতুন তারিখের অনুষ্ঠানের জন্য কার্যকর থাকবে। ‘কাভিশ’-এর সঙ্গে শিগগিরই আবার দেখা হবে।”
মুর্তজা কিজিলবাশের কনসার্টটি ছাড়া বাকি দুইটি কনসার্টের শিল্পী ও ব্যান্ডের কয়েকটি পুরোনো আয়োজনও এর আগে স্থগিত বা বাতিল হয়েছে।
জুনুন ব্যান্ডের হয়ে আগে দুইবার বাংলাদেশে পারফর্ম করলেও একক শিল্পী হিসেবে ঢাকায় এটি আলী আজমতের প্রথম কনসার্ট হওয়ার কথা ছিল।
গত বছরের মে ও নভেম্বরে একক শিল্পী হিসেবে তার ঢাকায় গান শোনানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দুইটি কনসার্টই বাতিল হয়ে যায়। নভেম্বরের কনসার্টের জন্য ঢাকাতেও এসে পৌঁছেছিলেন তিনি। কিন্তু পরে ফিরে যেতে হয়েছে তাকে।
একই অভিজ্ঞতা হয়েছিল মুস্তাফা জাহিদের সঙ্গেও। গত বছরের এপ্রিলে ঢাকায় এসেও শেষ পর্যন্ত গান না শুনিয়ে ফিরে যেতে হয়েছিল এ শিল্পীকে।
অন্যদিকে গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় জাল ব্যান্ডের কনসার্টটি আয়োজনের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করা হয়
