তারকাদের মেট্রোরেল-ভাবনা
দেশের প্রথম মেট্রোরেল নিয়ে উচ্ছ্বসিত বিনোদন জগতের তারকারাও।
ঢাকার মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন।
ঢাকার প্রথম মেট্রোরেলকে কীভাবে দেখছেন বিনোদন জগতের তারকারা? এটা নিয়ে তাদের ভাবনাই বা কী? অভিনেতা-অভিনেত্রী-নির্মাতারা বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।
খুব দরকারি ছিল: মাসুম পারভেজ রুবেল
মেট্রোরেল আমাদের নগর পরিকল্পনায় এটি চমৎকার একটি পদক্ষেপ। আমি যখন উত্তরার দিকে যাই, অন্তত দুই থেকে তিন ঘণ্টা সময় বাজেট করতে হয় রাস্তার জন্য। এখন হয়তো ২০ মিনিটের ভেতর যেতে পারব। এই যে দিনে দুই-তিন ঘণ্টা সময় বেঁচে যাওয়া, এটা সব দিক দিয়েই খুবই দরকারি ছিল। কারণ একজন ভদ্রলোক যদি আগারগাঁও থেকে মতিঝিল অফিস করেন, তার অফিস ৯টায় হলে ৬টায় উঠে নাওয়া খাওয়া দ্রুত সেরে অফিস ধরার জন্য দৌড়াতে হচ্ছে। সকালের সময়টায় পরিবার কিংবা সন্তানদের সঙ্গে দুই মিনিট কথা বলতে পারছে না। কারণ তার চিন্তা থাকে জ্যামে পড়ে গেলে তিন চার ঘণ্টা সময় চলে যাবে রাস্তায়।
মেট্রোরেলের নির্দিষ্ট সময় থাকছে। ফলে সে জানবে আগারগাঁও বা উত্তরা থেকে মতিঝিল যেতে তার সময় লাগবে আধা ঘণ্টা। এই যে একজন মানুষের পাঁচ-ছয় ঘণ্টা বেঁচে গেল, সে চাইলে পরিবারকে সময় দিতে পারবে বা অন্য একটা কাজ করতে পারবে। এজন্যই আমি মনে করি এটা পুরো নগরবাসীর জন্য চমৎকার একটি পদক্ষেপ।
বিপ্লবের ধারাবাহিকতায় নতুন সংযোজন: রিয়াজ
আমি অন্তর থেকে বঙ্গবন্ধুকন্যাকে ধন্যবাদ জানাই। তিনি দেশের যোগাযোগ ক্ষেত্রে একের পর এক বিপ্লব সাধন করছেন। সেই বিপ্লবের ধারাবাহিকতায় যুক্ত হল ঢাকার মেট্রোরেল। আধুনিক নগর ব্যবস্থায় সারা বিশ্বের সঙ্গে ঢাকাও আজ যুক্ত হল। আমরা এতদিন দেশের বাইরে গিয়ে মেট্রোরেলে চড়তাম, এখন বাংলাদেশেই মেট্রোরেল চালু হয়েছে। এতে করে, ঢাকা শহরের যানজট অনেক কমে যাবে বলে আমি আমি আশা করছি। মেট্রোরেলের সুবিধা বাংলাদেশ দ্রুতই বুঝতে পারবে। আমি এখন অনেক জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করব না, মেট্রোরেলে দ্রুত পৌঁছে যেতে পারব; যেটা উন্নত বিশ্বে হয়। আমার কাছে মনে হয় উন্নয়নের ধারাবাহিকতায় এটি একটি অনন্য পদক্ষেপ।
ব্যক্তিগত পরিবহন কমিয়ে আনবে: অনন্য মামুন
মেট্রোরেলের মধ্য দিয়ে নতুন একটা অধ্যায়ের সৃষ্টি হলো। মেট্রোরেল দেখে যেতে পারলাম, এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের। এটা আমাদের যোগাযোগ ব্যবস্থায় অনেক বড় একটা পরিবর্তন আনবে। মেট্রোরেলের সাথে সাথে নিচ নিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে, এটাও বড় সুযোগ আমাদের জন্য। কারণ, এত ছোট একটা শহরে এতগুলো মানুষের বসবাস; এটা আমাদের জন সৌভাগ্য বয়ে আনবে। এখন আমকে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হবে না। সময় মেনে যে কোনো জায়গায় যেতে পারব। সময়ের সঙ্গে আমাদের সবকিছু জড়িত। দ্রুত বাসায় ফিরে পরিবারকে সময় দেওয়া যাবে। আমি অফিসে যাওয়ার জন্য এখন আর প্রাইভেট কার ব্যবহার করব না। মেট্রোরেলেই যাব। আমাকে সময় বাঁচাতে হবে। আমি মনে করি মেট্রোরেল ব্যক্তিগত পরিবহণ ব্যবহার কমিয়ে আনবে।
নতুন দিনের সূচনা: রায়হান রাফি
আমি খুবই আনন্দিত। কারণ আমরা বাইরে গেলে মেট্রোরেল দেখি, ঝকঝকে তকতকে এটা সেটা দেখি। মেট্রোরেলের ছবি কিংবা ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন, পুরো ব্যাপারটাই কেমন ঝকঝকে তকতকে। এত সুন্দর, পরিচ্ছন্ন সবকিছু দেখলে মনে হয় দেশের বাইরে আছি। পদ্মা সেতুর মাধ্যমে আমি ঢাকার বাইরে গেছি, দেখি কী আরাম করে, কত দ্রুত ঢাকার বাইরে চলে গেছি। একটু একটু করে দেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের গর্বিত হওয়া উচিৎ; সেই সঙ্গে সরকারের এই কাজগুলোকে উৎসাহ দেওয়া উচিৎ। আরেকটা জিনিস দেখতে খুবই ভালো লেগেছে- প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন এবং মেট্রোরেলের প্রথম চালক একজন নারী। আমি মনে করি এটা আমাদের জন্য নতুন দিনের সূচনা। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের।
এটা আমাদের স্বপ্নের রেল: উর্মিলা শ্রাবন্তী কর
মেট্রোরেলকে শুধু মেট্রোরেল বলা যাবে না। এটা আমাদের স্বপ্নের রেল। আমাদের দেশের সবদিক দিয়ে অগ্রগতি হচ্ছিল। শুধু জ্যামটাই নিয়ন্ত্রণে ছিল না। এটার কারণে প্রাত্যহিক জীবনে সবাইকে ভোগান্তিতে পড়তে হয়েছে। ডাক্তার, ব্যবসায়ী, স্কুল পড়ুয়া থেকে শুরু করে যে কোনো পেশার মানুষকেই ভোগান্তি সইতে হয়েছে। আমাদের প্রাত্যাহিক জীবনের অনেক সময় জীবন থেকে হারিয়ে গেছে জ্যামের কারণে। এর কারণে আমাদের কর্মঘণ্টা কমে যাচ্ছে, পারিবারিক সময় কমে যাচ্ছে। সেই জায়গা থেকে মেট্রোরেলটা আমাদের জন্য অভাবনীয় সাফল্য। এটা উদ্বোধনের সময় যে ঢাকায় আছি, নিজ চোখে উদ্বোধন দেখছি, কয়দিন পর এটা ব্যবহার করব, সম মিলিয়ে আমরা একটা কালের সাক্ষী হয়ে থাকলাম। এটার জন্য এই সময়ের মানুষ হিসেবে খুব গর্বিত বোধ করি। আমি মনে করি এটার জন্য প্রধানমন্ত্রীকে সবারই ধন্যবাদ দেওয়া উচিত।
মানুষের সৃষ্টিশীলতা বাড়বে: সৈয়দ আহমেদ সাওকী
আমি সিনেমার লোক। বিদেশের সিনেমায় মেট্রোরেল দেখে বড় হয়েছি। বড় বড় মেট্রোপলিটন শহরে এরকম মেট্রোরেল থাকে। আমাদের ছিল না। এটা এখন আমাদের দেশে এলো, খুব আনন্দের বিষয়। উত্তরা অনেক কাছে হয়ে যাবে। উত্তরা থেকে মতিঝিল এসে অফিস করা যাবে। আমাদের দেশের মানুষজনও খুব দ্রুত মেট্রোরেলে অভ্যস্ত হয়ে যাবে। দেশের মানুষ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে।
আমি অর্থনীতির ছাত্র। মনে করি যে কোনো ক্ষেত্রে যোগাযোগ সহজ করলে মানুষের সময় বাঁচলে সৃষ্টিশীলতা বাড়বে। সৃষ্টিশীলতা বাড়লে অর্থনৈতিক অবস্থা বাড়বে। সবকিছু মিলে দেশের উন্নয়নটাই গতিশীল হবে। মানুষের যোগাযোগ শক্তিশালী করতে এটা খুবই দরকারি ছিল।
সবার উচিৎ যত্নশীল হওয়া: জান্নাতুল ফেরদৌস ঐশী
এটা ঢাকাবাসীর জন্য আনন্দের ও শুভ দিন। আমার প্রত্যাশা এবার যানজট একটু হলেও কমবে। যানজটে কারণে অনেক কষ্ট হয়। এখন শুটিং কিংবা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে খুব সহজে সময় বাঁচিয়ে যেতে পারব। তবে আমাদের মানসিকতা পরিবর্তন না করলে মেট্রোরেল কেন, কোনো কিছু দিয়েই ভাগ্যের উন্নয়ন করা সম্ভব হবে না। পদ্মাসেতুর বেলায় আমরা লোহা-লক্কর খুলে নিয়ে যেতে দেখেছি। আরও বাজে বাজে কাজ করতে দেখেছি। সেখানে মেট্রোরেল কতটা রক্ষণাবেক্ষণ করতে পারব সেটা নিয়ে আমি সন্দিহান। দেশের মানুষ এখনো পরিচ্ছন্নতা শিখতে পারেনি। গণপরিবহনগুলো ব্যবহার করা যায় না। সব জায়গায় কিছু মানুষ অসভ্যতার পরিচয় দেয়। ফলে মেট্রোরেলকে কতটা ভালোভাবে ব্যবহার করতে পারব, তা নিয়ে শঙ্কা কাজ করে; তারপরও আমি সবার কাছে অনুরোধ করব, নিজেদের ব্যক্তিগত সম্পদ যেভাবে যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন, মেট্রোরেলকেও সেভাবে যত্ন ও রক্ষণাবেক্ষণ করবেন। কারণ, এটাতে আমরাই চড়ব। আমাদের দায়িত্ব আছে এর প্রতি।
আশীর্বাদস্বরূপ: জাহারা মিতু
স্বপ্নের মেট্রোরেল। বাংলাদেশের মানুষের কতগুলো স্বপ্নের প্রজেক্টের একটি। ঢাকা শহরের মানুষের জীবনের সবচাইতে বড় দুর্ভোগ হলো ট্র্যাফিক জ্যাম। শুধু ট্র্যাফিকের জন্য ঢাকাবাসীর ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। এরকম অবস্থায় মেট্রোরেল যেনো আশীর্বাদস্বরূপ।
দেশের বাইরে গেলে চিন্তা করতাম, কবে আমাদের মেট্রোরেল হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেন সেই আশাই পূরণ করলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন বাংলাদেশের উন্নয়নে আরো একটি পালক যুক্ত করার জন্য। আমরা চিরকৃতজ্ঞ।
