অনুপম রায় ঢাকায়, বৃহস্পতিবার শোনাবেন গান
কনসার্টে বাংলা গান শোনানোর পরিকল্পনাই রয়েছে এই সংগীতশিল্পীর।
ফের ঢাকার দর্শকদের সামনে গান শোনাতে এলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
বৃহস্পতিবার রাতে ঢাকায় ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে গাইবেন তিনি। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
বুধবার দুপুরে ঢাকায় পৌঁছার পর রাতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে আসেন অনুপম।
কনসার্টে কোন ধরনের গান শোনাবেন- জানতে চাইলে তিনি বলেন, শ্রোতা মহলে আলোচিত বাংলা গানগুলোই গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
হিন্দি গান করবেন কি না- প্রশ্নে অনুপম বলেন, “আমার বেশ কয়েকটি হিন্দি গান রয়েছে। সেগুলো দর্শক চাইলে করব। কিন্তু আমি মনে করি, বোম্বে বা অন্য কোথাও গিয়ে হিন্দি গান করা যায়। ঢাকার মঞ্চে বাংলা গানই করতে চাই।
“কিন্তু দর্শক চাইলে সব রকম গানই করবো। মঞ্চে তো আমরা শিল্পীরা দর্শকের জন্যই গান করি। মঞ্চে গিয়ে কী হবে, সেটা আগে থেকে বলা মুশকিল। আশা করছি, দর্শকের একটা দারুণ আয়োজনে যুক্ত করতে পারব। তার জন্য আমরাও মুখিয়ে আছি।”
সংবাদ সম্মেলনে অনুপম ছাড়াও কলকাতার তালপাতার সেপাই ব্যান্ডের সদস্যরা ছিলেন।
নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর সংবাদ সম্মেলন শুরু করেন আয়োজকরা।
মূল অনুষ্ঠান যথা সময়ে শুরু হবে কি না- সাংবাদিকদের সেই প্রশ্নে আয়োজকরা বলেন, ঠিক ৫টায় অনুষ্ঠান শুরু হবে এবং আসনের ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক সমাগম তারা করবেন না।
ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টে বিকাল ৫টার দিকে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হবে।
কনসার্টটি বিকাশ অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইভ দেখান হবে বলেও আয়োজকেরা জানান।
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে আলোচিত হন অনুপম রায়। এরপর একের পর এক গান গেয়ে প্রশংসিত তিনি।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন বাঙালি এই শিল্পী।
