এআইতে নতুন রূপে তারা, চেনা যায়?
ছবিতে রীতিমত তাক লাগানো রূপে দেখা গেছে সাড়া জাগানো নায়িকাদের।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি নিয়ে চারদিকে এখন মাতামাতি। এরই মধ্যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে এই প্রযুক্তির সংবাদ পাঠিকার উপস্থিতিও দেখেছি আমরা।
বিভিন্ন দেশের তারকাদের এআই রূপ কেমন হবে, তারও দেখা মিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে।
এবার এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা, কবরী, ববিতাসহ বেশ কয়েকজন চিত্রনায়িকার তৈরি করা ছবি ঘুরছে ফেইসবুকে।
এসব ছবিতে রীতিমত তাক লাগানো রূপে দেখা গেছে সাড়া জাগানো নায়িকাদের। অনেকে তো রীতিমত ভিড়মি খাওয়ার জোগাড়।
নায়িকাদের এখনকার লুকে তৈরি করার কাজটি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামের এক তরুণ।
ছবিগুলো তৈরি করে ফেসবুকে তোলার পরপরই সেগুলো ছড়িয়ে পড়েছে।
রাজীব তার ফেইসবুক পোস্টে লিখেছেন- “আশির দশককে বাংলাদেশি চলচিত্রের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। সেই সময়ে অনেক অসাধারণ সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তখনকার শিল্পীরা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে সিনেমা হলে যেতাম। মধ্যবিত্ত পরিবারের বিনোদনের একটা বড় উৎস ছিল হলে গিয়ে মুভি দেখা। হল থেকে বের হয়ে বেলুন কিনে বাদাম খেতে খেতে রিকশায় মায়ের কোলে বসে বাসায় ফিরতাম। কী সুন্দর ছিল ওই দিনগুলো!
“সেই সময় দর্শকদের স্বপ্নের নায়িকারা যদি এই যুগের নায়িকা হতেন কেমন দেখতে হতেন? কেমন হতো তাদের স্টাইল? সেটাই প্রযুক্তির সাহায্যে দেখার চেষ্টা করলাম।”
শাবানা-ববিতাদের নতুন লুকে হাজির করতে রাজীব ব্যবহার করেছেন মিডজার্নি ও ফায়ারফ্লাই এআই প্রযুক্তি ও অ্যাডোব ফটোশপ।
