২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাহিয়া মাহির ‘মা সমাবেশ’

নারীদের মাঝে বীজ বিতরণ করে সরকারের সাফল্যের কথা তুলে ধরছেন এই নায়িকা।

রাজশাহীতে মাহিয়া মাহির ‘মা সমাবেশ’

নারীদের নিয়ে ‘মা সমাবেশে’ মাহিয়া মাহি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2022, 11:04 AM

Updated : 21 Nov 2022, 11:04 AM

অভিনয়ে সময় কমিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন ঢাকাই সিনেমায় নায়িকা মাহিয়া মাহি; এবার রাজশাহীতে ‘মা সমাবেশ’ করেছেন এই নায়িকা।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) নির্বাচনী এলাকায় ওই সমাবেশে নারীদের মাঝে বীজ বিতরণের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তিনি তুলে ধরছেন।

অক্টোবরের শেষ নাগাদ রাজনীতির মাঠে নাম লেখান মাহি; দু বছরের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদও পেয়েছেন ইতোমধ্যে। পাশাপাশি সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক করা হয়ে এই অভিনেত্রীকে।



গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ‘মা সমাবেশের’ কয়েকটি ছবি রোববার ফেইসবুকে পোস্ট করেছেন রাজশাহীর মেয়ে মাহি।


ওই অনুষ্ঠানে মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার, যিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। গাজীপুর বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চাইছেন রাকিব, সেই প্রচারে স্বামীর পক্ষে মাহিও নেমেছেন।

Image

মা সমাবেশে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিয়া মাহি

মাহি কি আগামী নির্বাচনে লড়তে চান? গ্লিট্জকে এই নায়িকা  বলেন, “আমি আগে থেকেই এলাকার মানুষের জন্য কাজ করতাম। এখন যেহেতু অভিনয় থেকে ছুটিতে আছি; এখন এলাকার মানুষের জন্য কাজ করার বেশি সময় পাচ্ছি।

“আমার এলাকার মানুষ যদি চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সুযোগ দেন, তাহলে আগামী নির্বাচনে অংশ নিতে পারি।”



মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে। সম্প্রতি পাশের এলাকা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) এর আওয়ামী লীগের নেতাদের নিয়ে এলাকার মানুষের সঙ্গে দেখা করতে যান তিনি। সেই ছবিও ফেইসবুকে প্রকাশ করেন।

মাহি বর্তমানে সন্তানসম্ভবা, ফলে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন। পরে রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় ছাড়বেন না বলে জানিয়েছেন।

“আমার শারীরিক অবস্থার কারণে এখন একটু বিরতিতে আছি। অভিনয় আমার শেকড়। অভিনয় আমার ভিত্তি। আজকে আমি যে মাহিয়া মাহি হয়েছি, তা অভিনয় দিয়েই। রাজনীতি করলেও অবশ্যই সিনেমায় নিয়মিত থাকব।“

Image

সমাবেশে নারীদের মাঝে বীজ বিতরণের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন মাহি

আগামীতে কাজ কিছুটা বেছে বেছে করবেন জানিয়ে তিনি বলেন, “একটা সময় যেমন বছরে ৮-১০টা করে সিনেমা মুক্তি পেত, তেমনটা আর করব না। অনেক বেছে বেছে কাজ করব। কারণ আমার সংসার আছে। বেবি হবে ইনশাল্লাহ। ঢালাওভাবে সিনেমা করতে পারব না। বেছে বেছে ভালো কাজগুলোই করব।”

পুরনো খবর:

ভোটে? মাহি বললেন, প্রধানমন্ত্রী সুযোগ দিলে
মাহি এবার রাজনীতিতে
মা হচ্ছেন, খবর দিলেন মাহিয়া মাহি

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে রুপালি জগতে অভিষেকের পর ৪০টির মতো সিনেমায় অভিনয় করেছেন মাহি। এর মধ্যে রয়েছে পোড়ামন, অগ্নি, দেশা: দ্য লিডার, কৃষ্ণপক্ষ, ঢাকা অ্যাটাকের মত ব্যবসাসফল সিনেমা।

তবে এ বছরে তার তিনটি সিনেমা আশীর্বাদ, লাইভ ও যাও পাখি বলো তারে মুক্তি পেলেও তেমন দর্শক টানতে পারেনি।