তুরস্কের ‘গুনেশিন কিযলারি’ আসছে ‘সূর্যকন্যা’ হয়ে
‘সূর্যকন্যা’ প্রচারিত হবে ১ অগাস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০মিনিট ও রাত ৯টায়।
গুনেশ আর তার তিন মেয়ের পারিবারিক সংগ্রামের গল্প নিয়ে নির্মিত তুরস্কের ধারাবাহিক ‘গুনেশিন কিযলারি’ বাংলায় ভাষান্তর করে দেখাবে দীপ্ত টিভি।
‘গুনেশ’ অর্থ সূর্য আর সেখান থেকেই এই সিরিয়ালের বাংলা নামকরণ করা হয়েছে ‘সূর্যকন্যা’।
সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত জানিয়েছে, ‘সূর্যকন্যা’ প্রচারিত হবে ১ অগাস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০মিনিট ও রাত ৯টায়।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।
‘সূর্যকন্যা’ প্রযোজনা করেছেন রোমানা হোসেন।
দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেইসবুকেও সিরিয়ালটির প্রতিটি পর্ব দেখতে পাবেন দর্শকরা।
‘সূর্যকন্যা’র ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা মিতু। সিরিয়ালে বিভিন্ন চরিত্রে যারা বাংলায় কণ্ঠ দিয়েছেন, তারা হলেন- গুনেশ (রুবাইয়া মতিন গীতি), হালুক (রাজু আহমেদ), নাযলি (তানিয়া পাটোয়ারী), সেলিন (নাহিদ আখতার ইমু), রানা (জয়শ্রী মজুমদার লতা), পেরি (নাদিয়া ইকবাল), সাভাশ (মরু ভাস্কর), আলি (শোভন দাস), সেভিলায় (মেরিনা মিতু), ইন্জি (শারমিন মৃত্তিকা), এমরে (শাহরিয়ার রানা), তুইচে (ফারিয়া আকতার সোমা), মেলিসা (সাদিয়া খান মৌরি), আহমেদ (রহমত উল্লাহ), জেন (খায়রুল আলম হিমু), যাফের (সজিব রায়) ও অন্যান্য।
সূর্যকন্যার গল্প
৩৫ বছর বয়সী একজন স্কুল শিক্ষিকা গুনেশ তার তিন মেয়ে থাকেন তুরস্কের একটি শহরে। গুনেশের স্বামী সংসার ছেড়ে গেলেও ১৭ বছর বয়সী দুই যমজ মেয়ে নাযলি, সেলিন আর সবার ছোট পেরিকে নিয়েই তার সুখের সংসার।
ইস্তাম্বুলের প্রভাবশালী ব্যবসায়ী হালুক মের্তওলুর সঙ্গে একসময় পরিচয় হয় গুনেশের। অল্পদিনের পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেম গড়ায় বিয়েতে। বিয়ের পর গুনেশ তার তিন মেয়েকে নিয়ে চলে আসেন ইস্তাম্বুলে দ্বিতীয় স্বামীর সংসারে। কিন্তু
হালুক ও তার প্রথম স্ত্রীর ছেলে আলি গুনেশ ও তার মেয়েদের মেনে নিতে পারে না। মা-মেয়েদের অপছন্দ করে হালুকের বোন রানাও। পারিবারিক এই জটিলতা এবং রানার জীবনের কালো অধ্যায়ও ধীরে ধীরে গল্পে প্রকাশ পায়।
