২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ঈদে সাইবার যুদ্ধ দেখাবে ‘অন্তর্জাল’

সাইবার অপরাধ নিয়ে থ্রিলারধর্মী এই সিনেমা নির্মিত হয়েছে।

আসছে ঈদে সাইবার যুদ্ধ দেখাবে ‘অন্তর্জাল’

অন্তর্জালের পোস্টার উন্মোচনের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে অন্তর্জালের কলাকুশলীরা।  

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 11:41 PM

Updated : 12 Dec 2022, 11:42 PM

সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা অন্তর্জাল মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

দীপংকর দীপন নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল।

সোমবার সন্ধ্যায় অন্তর্জালের পোস্টার উন্মোচনের অনুষ্ঠানে মুক্তির আগাম ঘোষণা দেন চলচ্চিত্রটির প্রধান উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

তিনি বলেন, “দর্শককে সিনেমার পর্দায় আটকে রাখার একটা ক্ষমতা দীপংকর দীপনের আছে। অন্তর্জাল চলচ্চিত্রের মাধ্যমে সেই ক্ষমতা আরও বেশি বিকশিত হবে।

“চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায় আমরা ফিরে পেয়েছি। ঢাকা অ্যাটাক থেকে শুরু করে পরাণ, হাওয়া, দামালসহ বেশ কিছু সুপারহিট চলচ্চিত্র আসছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা সিনেমা হল থেকে দূরে সরে গিয়েছিল, তারা আবার হলে ফিরে এসেছে।”

এই সিনেমার বিষয়বস্তের গুরুত্ব নিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে একটা দেশের ক্ষতি করতে চাইলে বোমা ফেলার প্রয়োজন নেই। ইন্টারনেট ব্যবহার করে অনেক বড় ক্ষতি করা সম্ভব। অন্তর্জাল চলচ্চিত্রের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ আগামীর সাইবার যুদ্ধে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে পারবে।”  

নির্মাতা দীপংকর দীপন বলেন, “মহামারীর সময়ে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। ছবিটা আমরা পুরোপুরি দেশীয় সক্ষমতায় বানিয়েছি। ছবির ডিওপি, আর্ট ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবই এদেশের।

Image

দীপংকর দীপন

“এটা সো কল্ড প্রেমের ছবি না। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এতে। দর্শক লক্ষ্য করবেন আমার এক একটা ছবি এক এক ঘরানার। যেমন প্রথমটা ছিলো পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ।”

তবে জটিল কোনো বিষয় হবে না বলে দর্শকদের আশ্বস্ত করে দীপন বলেন, “বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে। এটা সবার ছবি। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। আর বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে।”

অন্তর্জালে নিজের চরিত্র নিয়ে সিয়াম বলেন, “আমার চরিত্রের নাম লুমিন, সে প্রোগ্রামার। লুমিন চরিত্রটা যখন আমি পাই, তখন বেশ কয়েকটা চরিত্রের সঙ্গে আমি সম্পৃক্ত। অপারেশন সুন্দরবন কেবল শেষ হয়েছে। দামালের কাজ করছি। ওই সময়ে আমার একজন ক্যারেক্টার রেফারেন্সের দরকার ছিল। দীপঙ্করদা আমাকে একজন সত্যিকারের লুমিনের সাথে পরিচয় করিয়ে দেয়।

“লুমিন ক্যারেক্টারটা আমার কাছে ভালো লাগার কারণ হলো, আমার-আপনার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু মানুষ আছে যারা পড়াশোনা শেষ করার পর ভালো সুযোগের আশায় বিদেশে পাড়ি জমায়। লুমিন রাজশাহীর একটা ছেলে। এই ছেলেটার আমেরিকা-কানাডায় গিয়ে পড়াশোনা করে পরিবারসহ সেটল হওয়ার সুযোগ ছিল। কিন্তু লুমিন সেটা করে না। লুমিন চলে যায় সাঁওতাল পল্লীতে। ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রামিং শিখিয়েছে। আমার মনে হয় এটাই বাংলাদেশ।”  

অন্তর্জাল দেখার পর আমাদের পরবর্তী প্রজন্মে লুমিনের মতো ১০-২০ ছেলে তৈরি হওয়াটা সিনেমার সার্থকতা বলে মনে করেন তিনি।

Image

বিদ্যা সিনহা মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, “আমি যখন স্ক্রিপ্ট পেলাম, অবাক হয়ে গেলাম। দীপংকরদাকে ফোন করে বললাম- এটা কি আমাকে পাঠানোর জন্য এত সুন্দর করে লেখা হয়েছে? যাতে খুশিতে রাজি হয়ে যাই? দীপংকরদা বললেন, ‘না, চরিত্রটাই এমন। যেভাবে লেখা আছে সেভাবেই ফুটিয়ে তোলা হবে’।

“আমি খুবই খুশি হয়ে গেলাম। আমার কাছে মনে হয়েছিল চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। এইরকম চরিত্র আগে কখনও বাংলাদেশে হয়নি। এমন একটা সিনেমার অংশ হতে পেরেছি, আমি খুবই ভাগ্যবান।”  

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।